২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ টিভি ভবনের সামনে বোমা: চট্টগ্রামে মানববন্ধন

দেনিক ভোরের কাগজ ও দেশ টিভি কার্যালয় ভবনের সামনে বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 04:53 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

চট্টগ্রাম, নভেম্ব^র ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেনিক ভোরের কাগজ ও দেশ টিভি কার্যালয় ভবনের সামনে বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে 'ভোরের কাগজ পাঠক ফোরাম' ও 'দেশ টিভি দর্শক ফোরাম' যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে চট্টগ্রামের সুশীল সমাজ, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতা আসিফ সিরাজ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল। বক্তারা বলেন, ভোরের কাগজ ও দেশ টিভি সব সময় প্রগতিশীলতার কথা বলে আসছে। তাই স্বাধীনতাবিরোধীরা তাদের নিশ্চিহ্ন করতে চায়। একারণেই এই হামলা চালানো হয়েছে। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, এডভোকেট রেহানা কবির রানু, নারী নেত্রী নুরজাহান খান, 'সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১' চট্টগ্রামের সদস্য সচিব বেদারুল আলম, শিল্পী শাহরিয়ার খালেদ, নাট্যজন মোহাম্মদ জাহাঙ্গীর, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওসমান গনি চৌধুরী প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক আলী আব্বাস এবং কবি-সাংবাদিক ওমর কায়সার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২৪৫ ঘ.