চট্টগ্রাম, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যে বিষক্রিয়ায় চট্টগ্রাম নগরীর চট্টেশ্বরী সড়কের কৃষ্ণ মন্দিরের এক সেবায়েতের মৃত্যু হয়েছে।
অসুস্থ হয়ে পড়েছেন আরো আটজন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেবায়েত পুলিন সাহার (৫৫) মৃত্যু হয়। তার বাড়ি ফেনী জেলায়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শেখ মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পুলিন সাহা মারা যান।
তিনি জানান, সোমবার দুপুরে পুলিন সাহাসহ মোট নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরা সবাই ওই মন্দিরের সেবায়েত।
চিকিৎসাধীনরা হলেন- মাধুরী দাশ (৭০), নির্মল মজুমদার (৭০), মনীন্দ্র দাশ (৭৫), কৃষ্ণ দাশ (৪০), খোকন রায় (৫০), ধীরেন্দ্র লাল দে (৭৫), রূপন রায় (৫০) ও দুলাল সামন্ত (৬০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ খাদ্যে বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আক্রান্তরা বয়স্ক হওয়ায় অবস্থা বেশি খারাপ হয়েছে।
অসুস্থ ধীরেন্দ্র দে হাসপাতালে সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে তারা প্রসাদ (ভাত) খাওয়ার পর ঘুমিয়ে পড়েন। এর পর সন্ধ্যায়ও ঘুম থেকে উঠতে পারছিলাম না। অনেকে অজ্ঞান হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়।
তারা ভাতের সঙ্গে ডাল ও সবজি খেয়েছিলেন বলে জানান তিনি।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মো. আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিন সাহার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমএসি/এমএসবি/২২১১ ঘ.
bdnews24