২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ইইউতে জনশক্তি রপ্তানিতে সহযোগিতা থাকবে'

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইইউ প্রতিনিধি দলের প্রধান ও বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ইইউ প্রতিনিধি দলের প্রধান ও বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন। মঙ্গলবার সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময় তিনি এ আশ্বাস দেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শহিদুল হক মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি জানান, ইইউ প্রতিনিধি ফ্রোয়েন মন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে এ বিষয়ে শ্রমমন্ত্রী কিংবা বিদায়ী রাষ্ট্রদূতের কেউই গণমাধ্যমকে কিছু বলেননি। বিদায়ী রাষ্ট্রদূত ফ্রোয়েন বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য শ্রমমন্ত্রীকে ধন্যবাদ জানান। ইইউ'র প্রতি ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। শ্রমমন্ত্রী বাংলাদেশের জনশক্তি রপ্তানি, শ্রম খাতের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার রক্ষায় অবদান রাখার জন্য ইইউ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতেও ইইউভুক্ত দেশগুলোতে কর্মী পাঠানোর জন্য বিদায়ী রাষ্ট্রদূতের সহযোগিতা চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/পিডি/২০০০ ঘ.