২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেল হত্যার বিচার শুরুর আশ্বাস আইন প্রতিমন্ত্রীর

জেল হত্যার বিচার পুনরায় শুরুর আশ্বাস দিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এ জন্য উচ্চ আদালতে আবেদন করা হচ্ছে। তা মঞ্জুর হলে বিচারিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচার পুনরায় শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 11:32 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেল হত্যার বিচার পুনরায় শুরুর আশ্বাস দিয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এ জন্য উচ্চ আদালতে আবেদন করা হচ্ছে। তা মঞ্জুর হলে বিচারিক আদালতে এ হত্যাকাণ্ডের বিচার পুনরায় শুরু হবে। মঙ্গলবার পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে চার নেতা হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। কামরুল বলেন, "১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিলো, সেই অপশক্তি আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে শেষ করে দিতে জাতীয় চার নেতাকে জেলখানায় হত্যা করে।" জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও মো. কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়। এ নিয়ে মামলা দায়েরের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান রায় দেন। রায়ে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এল.ডি. (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদাসহ ১৫ জনকে। খালাস পান কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুরসহ অন্য একজন। এর বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারফত ও হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। মোসলেমকে আট বছর সাজা দেওয়া হয়। খালাস পায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অধিকাংশ জন। সরকার পক্ষ এর বিরুদ্ধে আপিল বিভাগে আপিলের আবেদন করেছে। ওই আবেদনের শুনানিতে বিচার প্রক্রিয়া শুরুর জন্য নতুন করে আবেদন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। কামরুল বলেন, বিগত বিএনপি সরকার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের রক্ষার জন্য দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করেছে। এজন্য পুনরায় বিচার করতে হবে। '৩রা নভেম্বর জেল হত্যা দিবস' শীর্ষক আলোচনায় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাাসিমও বক্তব্য রাখেন। বর্তমান সরকারের কাছে এ মামলার পুনঃবিচারের দাবি জানান মনসুর আলীর ছেলে নাসিম। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, "বিএনপি নেতা, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদ নগ্নভাবে মামলার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে চার জাতীয় নেতার খুনিদের রক্ষা করেছে।" আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বিএনপির নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, "তারেক, কোকো আর বাড়ির রাজনীতি ছেড়ে জনগণের কল্যাণে কাজ করুন। আপনাদের পক্ষে রায় হলে বলেন, আদালত ন্যায়বিচার করেছে। বিপক্ষে রায় হলে সরকার আদালতকে প্রভাবিত করছে। ব্যক্তি স্বার্থে এ ধরনের হীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকুন।" ২১ আগস্টের গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্তে খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নাম এলে তাদেরও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে প্রতিমন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৭৩০ ঘ.