গাজীপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকার ঘোষিত বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে গাজীপুরের একটি বস্ত্র কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা।
এ সময় পুলিশের কাঁদানে গ্যাসে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা এলাকায় আমান টেক্সটাইলের শ্রমিকরা কারখানায় ভাংচুর শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা ছত্র ভঙ্গ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ সরকার ঘোষিত বেতন কাঠামো না মেনে বেতন বিল তৈরি করছে। এতে অনেক শ্রমিক ন্যায্য বেতন থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে।
কারখানার শ্রমিক মোতালেব মিয়া বলেন, সরকার ঘোষিত নিয়মে বেতন পরিশোধের দাবি করলে কর্তৃপক্ষ তা মানতে রাজি না হওয়ায় শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্রমিকরা কারখানার বিভিন্ন ফ্লোরে অগ্নিনির্বাপক যন্ত্র, জানালার কাঁচ ও অন্যান্য আসাবাব ভাংচুর করেছে।"
শ্রীপুর থানার ওসি নাজমুল হোসেন ভুঁইয়া বলেন, "নতুন বেতন কাঠামোতে জ্যেষ্ঠ কর্মীদের বেতন-ভাতা তেমন না বাড়ায় তাদের একটি অংশ শ্রমিকদের ভুল বুঝিয়ে আন্দোলনে উস্কে দিয়েছে।"
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ দুপুরে বৈঠকে করেছে। তবে বৈঠকের ফলাফল তিনি জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24