২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল সিডিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনের একটি বাসা থেকে বিপুল পরিমাণ নকল সিডিসহ একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 08:25 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াপল্টনের একটি বাসা থেকে বিপুল পরিমাণ নকল সিডিসহ একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই ব্যবসায়ীর নাম মো. সাইফুল ইসলাম। সে নকল সিডি ব্যবসায়ী চক্রের একজন সদস্য বলে পুলিশ জানিয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার মো. সোলায়মান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে নয়াপল্টনের ১০/ডি ভবনের অষ্টমতলায় বাসা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই বাসা থেকে ১৫ হাজার অডিও ও বাংলা চলচ্চিত্রের নকল সিডি উদ্ধার করা হয়। এছাড়া ২৪টি সিডি রাইটার ও ২টি কম্পিউটার জব্দ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সাইফুলকে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপস্থিত করা হয়। সহকারি কমিশনার মো. সোলায়মান হোসেন জানান, সাইফুলসহ একটি চক্র দীর্ঘদিন ধরে গান ও বাংলা ছায়াছবির নকল সিডি বাজারে ছেড়ে আসছে। ফলে চলচিত্র, সঙ্গীত এবং এই মাধ্যমের সাথে জড়িত সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তিনি জানান, এই চক্রটি বাংলা ছায়াছবি মুক্তি পাওয়ার আগেই তার কপি করে নকল সিডি বাজারে ছেড়ে দেয়। ফলে এই শিল্প ধ্বংসের মুখে চলে গেছে। সাইফুলের সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। সাইফুল ডিবি কার্যালয়ে সাংবাদিকদের জানান, তিনি ৪ বছর ধরে এই ব্যবসা করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৪১৯ ঘ.