নরসিংদী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রী হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড দিয়েছে নরসিংদীর একটি আদালত।
এছাড়া দণ্ডিতকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।
সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এই রায় দেন।
দণ্ডিত আয়নাল হক (৩০) নরসিংদীর রায়পুরা উপজেলার সাহেব খোলা গ্রামের তাহের আলীর ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, বিয়ের পর থেকে আয়নাল হক এক লাখ টাকা যৌতুক আনার জন্য স্ত্রী হালিমা আক্তারকে (২২) শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
তার দাবি পূরণ না করলে ২০০৮ সালের ২৮ মার্চ রাতে হালিমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এরপর তার গায়ে কেরোসিন ঢেলে লেপচাপা দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেন।
এ ঘটনায় হালিমার বাবা বাছেদ মিয়া থানায় আয়নাল হকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা রায়পুরা থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান আয়নাল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিশেষ সরকারি কৌঁসুলি শরিফুল ইসলাম চৌধুরী, সহকারী কৌসুলী মো. নুরুজ্জামান। আসামিপক্ষে ছিলেন মো. জহিরুল হক সজল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.
bdnews24