নওগাঁ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ শাহীন মনোয়ারা হকের গাড়িকে ধাক্কা দেওয়া বাসটির চালক মুক্তি পাওয়ার পর ধর্মঘট তুলে নিয়েছে নওগাঁর পরিবহন শ্রমিকরা।
চালক নজরুল ইসলামের মুক্তি এবং সংসদ সদস্যের করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার সকাল থেকে দূরপাল্লার বাস ধর্মঘট চলছিলো।
দুপুর ২টার দিকে হাকিম আদালত থেকে জামিন পান নজরুল। এরপর কারাগার থেকে তাকে ছেড়ে দেওয়া হলে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বিকেল ৫ টার পর নওগাঁ থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেটসহ দূরপাল্লার সব বাস চলাচল শুরু হয়েছে। তবে সকাল থেকে বিকাল পর্যন্ত বাস না চলায় দুর্ভোগে পড়ে দূর গন্তব্যের যাত্রীরা।
এর আগে রোববার রাতে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভার পর ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
গত শনিবার নওগাঁ বাস টার্মিনালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সংসদ সদস্য শাহীনের পাজেরো জিপকে ধাক্কা দেয়। গাড়িতে সংসদ সদস্য ছিলেন।
ওই ঘটনার পর পুলিশ বাসটির চালক নজরুলকে আটক করে। পরে শাহীন বাদি হয়ে একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০০ ঘ.
bdnews24