২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের টিকিট বুকিং অনলাইনে

বছরে প্রায় ১৫ লাখ যাত্রী বহন করা জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইনে টিকিট বুকিং চালু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 10:17 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরে প্রায় ১৫ লাখ যাত্রী বহন করা জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইনে টিকিট বুকিং চালু করেছে। সোমবার বলাকা ভবনে এ কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। একইসঙ্গে বিমানের নতুন ওয়েবসাইটেরও উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে জাকিউল ইসলাম বলেন, "আধুনিক সেবা দেওয়ার লক্ষ্যে আমরা ইন্টাননেট টিকিট বুকিং কার্যক্রম শুরু করলাম। আশা করছি আগামী ২ মাসের মধ্যে অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পরিশোধ করে টিকিট সংগ্রহের ব্যবস্থা চালু করতে পারবো।" বিমানের নিজস্ব ৩৬টি টিকিট বিক্রয় কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৮টি বাংলাদেশে এবং ২৮টি বিদেশে। এছাড়া প্রায় এক হাজার এজেন্টের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট বিক্রি করে থাকে। জাকিউল ইসলাম জানান, অনলাইনে বুকিং দেওয়ার পর বুকিংয়ের প্রিন্ট কপি অথবা নম্বর নিয়ে বিমানের নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তবে ২৪ ঘণ্টার মধ্যে টিকিট সংগ্রহ না করলে বুকিং বাতিল হবে। ১৯টি আন্তর্জাতিক গন্তব্য ও ৪টি অভ্যন্তরীণ গন্তব্যে চলাচল করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ সংখ্যা ১৩টি। এরমধ্যে নিজস্ব ৮টি এবং ভাড়া করা উড়োজাহাজের সংখ্যা ৫টি। আন্তর্জাতিক গন্তব্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেই বেশি ফ্লাইট চালাচ্ছে বিমান। জাকিউল জানান, গত অর্থবছরে প্রায় ১৫ লাখ যাত্রী বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৬১৭ ঘ.