২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদের মামলার পর নওগাঁয় বাস ধর্মঘট

দুর্ঘটনার পর বাসচালকের বিরুদ্ধে সংসদ সদস্য শাহীন মনোয়ারা হকের করা মামলা প্রত্যাহারের দাবিতে নওগাঁয় ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2010, 07:25 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

নওগাঁ, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার পর বাসচালকের বিরুদ্ধে সংসদ সদস্য শাহীন মনোয়ারা হকের করা মামলা প্রত্যাহারের দাবিতে নওগাঁয় ধর্মঘট ডেকেছে পরিবহন শ্রমিকরা। নওগাঁ মটর শ্রমিক ইউনিয়নের ডাকা এ ধর্মঘটের কারণে সোমবার সকাল থেকে নওগাঁ থেকে দূর পাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার রাতে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সভার পর ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক। তিনি গ্রেপ্তার বাসচালক নজরুল ইসলামের মুক্তিও দাবি করেন। গত শনিবার নওগাঁ বাস টার্মিনালে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সংসদ সদস্য শাহীনের পাজেরো জিপকে ধাক্কা দেয়। গাড়িতে সংসদ সদস্য ছিলেন। ওই ঘটনার পর পুলিশ বাসটির চালক নজরুলকে আটক করে। পরে শাহীন বাদি হয়ে একটি মামলা করেন। শ্রমিক নেতা ওমর ফারুক সাংবাদিকদের বলেন, নজরুলের মুক্তি এবং মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে ঢাকা, চট্টগ্রামসহ দূর গন্তব্যের যাত্রীরা। অন্যদিকে কর্মসূচির সমর্থনে দুপুরে সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি ঘোষণা দিয়েছে, দাবি মানা না হলে মঙ্গলবার থেকে অভ্যন্তরীণ রুটেও গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.