রাজশাহী, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রমৈত্রীর হামলায় ছাত্রলীগের সাবেক এক নেতা আহত হয়েছেন।
আহত জাহিদুল ইসলাম মানিক পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে। এর পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
নবম সংসদ নির্বাচনে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর শরিক ওয়ার্কার্স পার্টির সহযোগী সংগঠন ছাত্রমৈত্রীর সঙ্গে আওয়ামী লীগ সমর্থক সংগঠন ছাত্রলীগের সংঘর্ষে রাজশাহীতে মৈত্রীর এক নেতা নিহত হন। এরপর থেকে ওই এলাকায় দুটি সংগঠনের মধ্যে টানাপোড়েন চলছিলো।
পুলিশ জানায়, রোববার রাতে মানিকসহ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে একটি স্টলে বসে আড্ডা দিচ্ছিলো। এসময় ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
ছাত্রলীগ কর্মী আল-আমিন সাংবাদিকদের বলেন, "ছাত্রমৈত্রীর সভাপতি কাজী মোতালেব হোসেন জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন তাদের ওপর হামলা করে।"
এ বিষয়ে ছাত্রমৈত্রীর কারো বক্তব্য পাওয়া যায়নি।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন জানান, ওই ঘটনার পর রাতেই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/এমআই/১৩০৫ ঘ.
bdnews24