২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি'র সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান মেয়রের

নগর পরিকল্পনায় সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 03:14 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগর পরিকল্পনায় সরকারি সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র মনজুর আলম। রোববার সিসিসি মিলনায়তনে চট্টগ্রাম উন্নয়ক কর্তৃপক্ষ (সিডিএ) ও কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মেয়র বলেন, নগরীর ভৌত অবকাঠামো উন্নয়নে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর উচিত ১৯৯৫ সালে প্রণীত চট্টগ্রাম নগর উন্নয়নের মহাপরিকল্পনার দিক-নির্দেশনা অনুসরণ করা। নগরীর ভূ- প্রাকৃতিক দিক বিবেচনা করেই এই মাহপরিকল্পনাটি প্রণয়ন করা হয়েছে। অতীতে সিসিসি ও সিডিএ'র মধ্যে কোনো সমন্বয় ছিল না উল্লেখ করে মনজুর আলম বলেন, সমন্বয় না থাকায় সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো যার যার মতো উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছে। ফলে চট্টগ্রাম একটি আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে ওঠে নি। নগরবাসীর দুর্ভোগ লাঘবে ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যয় কমাতে সিসিসি, ওয়াসা, সিডিএ, টিএন্ডটি ও কেজিডিসিএল'র মধ্যে সমন্বয় থাকা জরুরি বলে তিনি মনে করেন। কর্মশালায় সিসিসি'র ওয়ার্ড কাউন্সিলর, নারী কাউন্সিলর, করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান নগর পরিকল্পনা বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। শাহিনুল ইসলাম খান বলেন, নগরীতে কোথায় কী ধরনরে উন্নয়ন হবে তা ড্যাপ-এ ব্যাখ্যা করা আছে। উন্নয়ন ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে নগরবাসী কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএডি/এইচএ/২০৫২ ঘ.