২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু গৃহকর্মী হাসপাতালে, গৃহকর্তা-কর্ত্রী আটক

গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার সোহাগী (৯) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। গৃহকর্তা ও কর্ত্রীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহকর্ত্রীর নির্যাতনের শিকার সোহাগী (৯) নামে এক গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। গৃহকর্তা ও কর্ত্রীকে আটক করা হয়েছে। রোববার দুপুরে তাকে উদ্ধার করে র‌্যাব-পুলিশ। এসময় গৃহকর্ত্রী কাজী মাহরুনা রহমান লিমা এবং গৃহকর্তা মশিউর রহমানকে আটক করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক মো. আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মগবাজার ২৭/এ দিলুরোড বাসভবনে একটি শিশুকে নির্যাতন করা হচ্ছে বলে জানায় এলাকাবাসী। পরে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় গৃহকর্মী সোহাগীকে উদ্ধার করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সোহাগী জানায়, "সামান্য ভুল হলেই গরম খুনতি দিয়ে ছ্যাকা দিত আপা। আর সারাদিনই মারধর করত। চিৎকার করলে মুখ চেপে ধরে রাখত আর ঘরে আটকে রাখতো।" সোহাগীর শরীরের বিভিন্ন স্থানে পোড়া চিহ্ন রয়েছে এবং জখম থেকে ঘা হয়েছে বলে জানায় পুলিশ। গোপালগঞ্জের গুনাপাড়ার বাসিন্দা সোহাগীর বাবা আইনাল হোসেন। ছয় মাস আগে সে ঢাকায় কাজ করতে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৩২ ঘ.