২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মার্চের মধ্যে ইউপি-পৌর, তারপর ডিসিসি নির্বাচন'

সরকার মার্চের মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন, এরপর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 01:12 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার মার্চের মধ্যে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন, এরপর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন করতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এসব নির্বাচনের সময় নিয়ে সুপারিশ না করার দু'সপ্তাহের বেশি সময় পর সাংবাদিকদের একথা বললেন মন্ত্রী। রোববার 'পাবলিক কনসালটেশন ফর দ্য সেকেন্ড লোকাল গভার্নেন্স সাপোর্ট প্রজেক্ট'র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী সৈয়দ আশরাফুল। বিশ্বব্যাংক ও স্থানীয় সরকার মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠান আয়োজন করে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, "ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচনের মেয়াদ দুই বছরেরও বেশি সময় পার হয়ে গেছে। এগুলো আগে হওয়া দরকার। প্রাথমিকভাবে মার্চের মধ্যে এসব নির্বাচন হওয়ার পর ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের (ডিসিসি) সময়সূচি নির্ধারণ করা হবে।" ডিসিসি নির্বাচন দেরিতে করার কারণ প্রসঙ্গে তিনি বলেন, "ডিসিসি'র আইনে পরিবর্তন আনতে হবে। এ বিদ্যমান আইনে সংশোধনী এনে তা সংসদে পাস করতে হবে।" সদ্য শেষ হওয়া সংসদের ষষ্ঠ অধিবেশনে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত জটিলতা নিরসন করে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সংশোধনী আইন পাস হয়। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনে আগে সংশোধনী আনা হলে ডিসিসি নির্বাচন দেরিতে করতে হতো না বলে মন্তব্য করেন মন্ত্রী। দেশের চার হাজার পাঁচশ চারটি ইউনিয়ন পরিষদের মধ্যে চার হাজার দুশ ২৮টির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে অন্তত অর্ধশত ইউনিয়ন পরিষদ রয়েছে যেখানে নানা আইনি জটিলতায় দেড়যুগ ধরে নির্বাচন করা যায়নি। সর্বশেষ ২০০৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চার হাজারের বেশি ইউনিয়নে নির্বাচন হয়। দেশের তিনশ আটটি পৌরসভার মধ্যে দুশ ৭২টি ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে। এছাড়া ২০১০ সালে সাতটি, ২০১১ সালে ২০টি, ২০১২ সালে একটি ও ২০১৩ সালে আটটি পৌরসভার মেয়াদ শেষ হবে। ২০০৭ সালের মে মাসে ডিসিসি নির্বাচনের মেয়াদ উত্তীর্ণ হয়। নির্বাচনের সময় নিয়ে টানাপড়েন ইসির পরিকল্পনা ছিলো ডিসেম্বরে আড়াইশরও বেশি পৌরসভা ও ডিসিসি এবং মার্চের মধ্যে চার হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ নির্বাচন করা। গত ১০ অক্টোবর সিইসি এটিএম শামসুল হুদা সাংবাদিকদের জানান, ডিসেম্বরে ডিসিসি ও পৌরসভা নির্বাচন করা হবে। এ লক্ষ্যে তফসিল নির্ধারণের জন্য শিগগির বৈঠকে বসবে ইসি। সেসময় সিইসি জানান, ইউনিয়ন পরিষদ এই দু'নির্বাচনের পরে হবে। ওইদিনই সিইসির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম। বৈঠকের পর সাংবাদিকদের উপদেষ্টা বলেন, "ডিসেম্বরে পৌরসভা ও ডিসিসি নির্বাচনে আমাদের কোনো দ্বিমত নেই।" গত ১৩ অক্টোবর সিইসির সঙ্গে বৈঠক করেন সৈয়দ আশরাফুল ইসলাম ও এইচটি ইমাম। বৈঠকের পর সিইসি জানান, ডিসিসিসহ অন্য স্থানীয় নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে সরকার কোনো সুপারিশ করেনি। বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আইন-শৃঙ্খলা, হজ ও পরীক্ষা নিয়ে কথা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সবধরনের সহযোগিতা দেবে বলে জানান মন্ত্রী। গত ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকারমন্ত্রী জানান, ডিসেম্বরের মধ্যে পৌরসভা ও ইউপি নির্বাচন সম্ভব। পরদিন সিইসি এটিএম শামসুল হুদা এর সঙ্গে দ্বিমত পোষণ করে জানান, ডিসেম্বরে পৌর নির্বাচন সম্ভব হবে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন এ বছর সম্ভব হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৩০ ঘ.