২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর কার্যালয় দুর্নীতির আখড়া: মুহিত

আয়কর কার্যালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুর্নীতি নিয়ে এক সমীক্ষার ফল জেনে এ কথা বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর কার্যালয় দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুর্নীতি নিয়ে এক সমীক্ষার ফল জেনে এ কথা বলেন তিনি। রোববার প্রকাশিত বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র (বিডব্লিউসিসিআই) এক সমীক্ষায় বলা হয়, ৬০ শতাংশ নারী উদ্যোক্তাকে ব্যবসায়িক সনদ পেতে ঘুষ দিতে হয়েছে। এছাড়া ১০ শতাংশকে ব্যবসায়িক সনদের জন্য বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিতে হয়েছে। দুর্নীতির এই চিত্রকে 'জাতীয় লজ্জা' হিসাবে আখ্যায়িত করেন অর্থমন্ত্রী। বিডব্লিউসিসিআই'র ওই সমীক্ষায় তিনশ নারী উদ্যোক্তা অংশ নেয়। সমীক্ষায় আরো বলা হয়, ৪৭ শতাংশ নারী উদ্যোক্তার কাছে কর সনাক্তকরণ নম্বরের (টিন) জন্য ঘুষ চাওয়া হয়েছে। ২৪ শতাংশ উদ্যোক্তা বিভিন্ন বিল সংক্রান্ত দুর্নীতির সম্মুখিন হয়েছেন। অর্থমন্ত্রী বলেন, "এসব নারী উদ্যোক্তাদের যে ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে তাতে আমি আশ্চর্য হয়েছি। এই সমীক্ষা থেকে মনে হচ্ছে আয়কর কার্যালয় দুর্নীতির অন্যতম একটি বড় আখড়ায় পরিণত হয়েছে।" ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে ৩৭ শতাংশ নারী উদ্যোক্তার কাছে ঘুষ চাওয়া হয়েছে বলে সমীক্ষায় বলা হয়। অর্থমন্ত্রী দুর্নীতির এই চিত্রকে 'জাতীয় লজ্জা' আখ্যায়িত করে বলেন, "সরকারের দুর্নীতি বিরোধী অভিযানে কেবল দুর্নীতির মাত্রা কমানো যাবে। কিন্তু এর নিরসন হবে না। দুর্নীতিমুক্ত হতে প্রয়োজন জনগণের প্রতিরোধ।" বিডব্লিউসিসিআই প্রেসিডেন্ট সেলিমা আহমেদ নারী নেতৃত্বাধীন ব্যবসা প্রতিষ্ঠানে পাঁচ বছর একটি নির্দিষ্ট হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা দাবি করেন। অর্থমন্ত্রী ভ্যাটের বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। এছাড়া নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে পৃথক ডেস্ক খোলার জন্যও তিনি আহ্বান করেন। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/টিএ/জেবি/পিডি/১৯২৪ ঘ.