২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশী কর্মী পাঠাতে সিউলের সঙ্গে চুক্তি হবে'

চাকরিদাতার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কর্মস্থল বদলালে জরিমানা অথবা ফেরত পাঠানোর শর্তে বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 11:04 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিদাতার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে কর্মস্থল বদলালে জরিমানা অথবা ফেরত পাঠানোর শর্তে বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এ আহ্বানে দক্ষিণ কোরিয়া ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। এ ব্যাপারে সরকার সিউলের সঙ্গে সমঝোতা চুক্তি করবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান। গত ২৪ থেকে ২৮ অক্টোবর দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরে মন্ত্রী তার সফরের অর্জন সম্পর্কে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। সফরকালে মন্ত্রী রাজধানী সিউলে দক্ষিণ কোরিয়ার শ্রম মন্ত্রী বাক জেউ ওন, ফেডারেশন অব স্মল এন্ড মিডিয়াম বিজনেস'র চেয়ারম্যান কিম কি মুন, জাতীয় সংসদের লেবার কমিটির চেয়ারম্যান কিম ছুং ছুন ও মানব সম্পদ উন্নয়ন সার্ভিসের প্রধান ইউ জায়ে সউব-এর সঙ্গে দেখা ও বৈঠক করেন। সফর প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, "এর আগে বাংলাদেশি কর্মীরা দক্ষিণ কোরিয়ায় গিয়ে চুক্তি অনুযায়ী চাকরিদাতার প্রতিষ্ঠানে কাজ করতো না। তার দ্রুত কর্মস্থল পরিবর্তন করতো। এতে চাকরিদাতারা ক্ষতিগ্রস্ত হতো। তাই তারা বাংলাদেশি শ্রমিক নেওয়ার ব্যাপারে নেতিবাচক মনোভাব পোষণ শুরু করে এবং বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার ব্যাপারে তাদের চাহিদা কমে যায়। "তবে বাংলাদেশি শ্রমিকদের ভাষাগত দক্ষতা ও যোগ্যতার বিষয়টিকে তারা ইতিবাচক মনে করে। এজন্য বাংলাদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে তাদের আগ্রহও রয়েছে। তবে শ্রমিকদের কর্মস্থল পরিবর্তনই তাদের নেতিবাচক মনোভাব গড়ে তুলেছে।" তিনি বলেন, "আমাদের প্রস্তাবে তারা বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করার আশ্বাস দিয়েছে।" মন্ত্রী বলেন, "বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের জন্য বরাদ্দ করা পাঁচ শতাংশ কোটা অনুযায়ী সেখানে চার হাজার ৪০০ শ্রমিক যাওয়ার কথা। কিন্তু গত বছর সেখানে মাত্র এক হাজার ৮০০ শ্রমিকের চাহিদা ছিল। নতুন শর্ত কার্যকর করা গেলে আগের বছরের কোটাসহ নতুন বছরে অনেক বেশি কর্মী পাঠানো সম্ভব হবে।" বিশ্ব বাজারে বাংলাদেশি কর্মী রপ্তানিতে মন্দাভাব প্রসঙ্গে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশী কর্মীর জন্য কোটা এবং চাহিদা না থাকায় অভিবাসী শ্রম বাজারে জনশক্তি রপ্তানীর গতি কমে যাচ্ছে। অবৈধ অভিবাসী হওয়া এবং দ্রুত কর্মস্থল পরিবর্তনের জন্য আমদানিকারকরা বাংলাদেশী কর্মী নিতে চায় না। আমরা এটা নিয়ে কাজ করছি, নতুন চাহিদাপত্র পেলেই জনশক্তি রপ্তানি ঘুরে দাঁড়াতে পারবে।" তিনি আরো বলেন, "নতুন করে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সরকার দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি করবে। এ চুক্তির কারণে ভবিষ্যতে কোনো শ্রমিক নির্দিষ্ট মেয়াদের আগে নিয়োগকর্তার প্রতিষ্ঠান ত্যাগ করতে পারবে না। বাংলাদেশ কর্মী পাঠানোর ক্ষেত্রে এমন একটি চুক্তিতে স্বাক্ষরও করিয়ে নেবে।" অভিবাসন ব্যয় কমানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বায়রার কাছ থেকে অভিবাসন ব্যয়ের হিসাব জানতে চাওয়া হয়েছে। দু'বছর পর তারা একটি হিসাব পাঠিয়েছে। কিন্তু কোন কোন খাতে এ ব্যয় হয়, এখনো তা তারা জানায়নি। তারা পুরো হিসাব না পাঠালে সরকার অভিবাসন ব্যয় কমাতে বিকল্প ব্যবস্থা নেবে। এক্ষেত্রে সরকার নিজেই জনশক্তি রপ্তানি করবে। কারণ, অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে দিন দিন বিভিন্ন দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। "জনশক্তি রপ্তানিতে সব ধরণের প্রতিকূলতা দূর করতে সময়োপযোগী ও নতুন জনশক্তি রপ্তানির আইন প্রণয়ন করা হচ্ছে। আইনের খসড়া চূড়ান্ত করা হচ্ছে। কয়েকদিনের মধ্যেই মতামতের জন্য খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সকলের মতামত এবং প্রক্রিয়া শেষ করে দ্রুতই আইনটি সংসদে পাস করা হবে", তিনি বলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬৫০ ঘ.