২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বস্ত বিমান উদ্ধারে অভিযান চলছে

দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ওমরপুর এলাকায় যমুনায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিখোঁজ বৈমানিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিধ্বস্ত বিমানটির অবস্থানও সনাক্ত হয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 08:48 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ওমরপুর এলাকায় যমুনায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিখোঁজ বৈমানিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিধ্বস্ত বিমানটির অবস্থানও সনাক্ত হয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। ফ্লাইং ক্লাবের সি-১৫২ বিমানটি শনিবার দুপুর পৌনে ১২টার দিকে চৌহালীর ওমরপুর এলাকায় বিধ্বস্ত হয়। সেসময় বিমানটিতে দুজন আরোহী ছিলেন। এর মধ্যে প্রশিক্ষণার্থী বৈমানিক শামসু উদ্দিন (২৪) কে সঙ্গে সঙ্গে উদ্ধার করা হয়। এরপর তাকে ঢাকায় পাঠানো হয়। নিখোঁজ ছিলেন প্রশিক্ষক কামরুল হাসান (২৬)। রোববার সকাল সাড়ে ৭টার দিকে কামরুল হাসানের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর বেলা সোয়া ১১টার দিকে জেলা প্রশাসন কামরুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে। রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৪০ ফুট পানির নিচে কামরুল হাসানের মৃতদেহ পলি মাটিতে ঢাকা পড়ে ছিলো। তিনি জানান, নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও পুলিশ বিধ্বস্ত বিমানটি উদ্ধারে অভিযান চালাচ্ছে। এ বিষয়ে শনিবার সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশাররফ হোসেন জাানান, ডুবুরিরা বিধ্বস্ত বিমানের সামান্য কিছু অংশ উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে বিমানের একটি চাকা, জুতা, ব্যাগ ও এয়ারফোন। শনিবার ঘাটাইল থেকে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ১০ সদস্যের একটি দল দুপুর ৩টায় সেখানে কাজ শুরু করে। সেনাবাহিনী, দমকল বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। ফ্লাইং ক্লাবের ওই বেসরকারি প্রশিক্ষণ বিমানটি সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা হয়। পৌনে ১২টার দিকে চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়নের দত্তকান্দি এলাকায় যমুনা নদীতে এটি বিধ্বস্ত হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি দত্তকান্দি এলাকার আকাশে ৭/৮টি পাক দেয়। পরে একটি গাছের সাথে ধাক্কা লেগে বিমানের একটি পাখা ভেঙে যায়। এরপর তা নদীতে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪৪৬ ঘ.