২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে গাড়ি চাপায় ১ জনের মৃত্যু, সড়ক অবরোধ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গাড়ি চাপায় একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2010, 08:43 AM

Updated : 25 Aug 2022, 07:31 PM

হবিগঞ্জ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গাড়ি চাপায় একজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মোমিন তরফদার (৩৫) বানিয়াচং উপজেলার সিকন্দরপুর গ্রামের আব্দুস শহীদ তরফদারের ছেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই সড়ক অবরোধ ও কয়েকটি গাড়ি ভাংচুর করে। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (উত্তর) এস এম সিরাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হবিগঞ্জ থেকে নবীগঞ্জগামী একটি হিউম্যান হলার সকাল সাড়ে ৮টার দিকে আলীগঞ্জ বাজারে পথচারী মোমিনকে চাপা দেয়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিরাজুল হুদা জানান, উত্তেজিত জনতা চালক ইকবালসহ হিউম্যান হলারটি আটক করে। এক পর্যায়ে তারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে এবং আরো ৮/১০টি গাড়ি ভাংচুর করে। এ সময় জনতা সড়ক অবরোধ করলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সুজ্ঞান চাকমা, সহকারী পুলিশ সুপার (উত্তর) এস এম সিরাজুল হুদা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন। এরপর সকাল সাড়ে ১১টার দিকে ওই রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪৪৫ ঘ.