ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সবুজবাগের কুসুমবাগে ভাই-ভাবীকে কুপিয়ে হত্যা করার ঘটনায় ভাই শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোররাতে শাহীনকে তার কুসুমবাগের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে শাহীন তার ভাই ও ভাবিকে বটি দিয়ে কুপিয়ে আহত করার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
গত ১২ অক্টোবর ঝগড়ার এক পর্যায়ে শাহীন তার ভাবি রাবেয়া ও ভাই মোস্তাফিজকে বটি দিয়ে কোপায়।
এলাকাবাসী রাবেয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
১২ অক্টোবর রাতে পান্থপথের স্পেশাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ভাই মোস্তাফিজ।
ঘটনার পর থেকে শাহীন পলাতক ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১২২৫ ঘ.
bdnews24