ঝিনাইদহ, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শনিবার রাতে একজনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ওদিকে হরিণাকুণ্ডু উপজেলার অপহৃত এক যুবকের গলিত লাশ রোববার ভোররাতে যশোর থেকে উদ্ধার করেছে ঝিনাইদহের গোয়েন্দা পুলিশ।
শৈলকুপায় নিহত হাশেম আলী (৫০) উপজেলার লক্ষণদিয়া গ্রামের হাকিম আলীর ছেলে।
যশোরে উদ্ধার লাশটি হরিণাকুণ্ডু উপজেলার গাজীপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে নবীন আলীর (৪০)।
শৈলকুপা থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার আবাইপুর গ্রামের প্রাইমারি স্কুল মাঠে হাশেম আলীকে শনিবার রাতে সন্ত্রাসীরা কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে। রোববার সকালে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
অপহৃত হওয়ার ২১ দিন পর রোববার ভোররাতে ঝিনাইদহের গোয়েন্দা পুলিশ যশোরের ছাতিয়ানতলা গ্রাম থেকে নবীন আলীর গলিত লাশ উদ্ধার করেছে।
এ বিষয়ে ডিবি পুলিশের ওসি গোলাম মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরিণাকুণ্ডুর সাতব্রিজ বাজারের মুদি দোকানি নবীনকে গত ৭ অক্টোবর প্রেমের অভিনয় করে মোবাইল ফোনে ডেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
অপহরণকারীরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ বাবদ কিছু টাকাও আদায় করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়।
মামলাটির তদন্ত ডিবি পুলিশের ওপর দেওয়ার পর শনিবার তাদের কয়েকজন সদস্য হরিণাকুণ্ড উপজেলার ভেড়াখালি গ্রাম থেকে আনিস ও তার স্ত্রী নাসরিনকে গ্রেপ্তার করে।
নাসরিন প্রেমের অভিনয় করে নবীনকে ডেকে নেওয়ার কথা স্বীকার করেছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, "তাদের স্বীকারোক্তি মোতাবেক পুলিশ রোববার ভোররাতে যশোর কোতয়ালী থানার ছাতিয়ানতলা গ্রামের ভ্যানচালক কুটি মোল্লার পরিত্যক্ত পায়খানার ট্যাংকি থেকে নবীনের গলিত লাশ উদ্ধার করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১২৫ ঘ.
bdnews24