২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌকাবাইচে মাতলো খুলনা

দুই পাড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে খুলনার রূপসা নদীতে হয়ে গেলো নৌকাবাইচ। এ প্রতিযোগিতা ঘিরে শনিবার উৎসবমুখর ছিলো নগরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 03:57 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

খুলনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই পাড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে খুলনার রূপসা নদীতে হয়ে গেলো নৌকাবাইচ। এ প্রতিযোগিতা ঘিরে শনিবার উৎসবমুখর ছিলো নগরী। তবে বাইচ শেষে একটি পন্টুন ডুবে নদীতে পড়ে যায় অর্ধশতাধিক মানুষ। তবে পড়ে যাওয়া সবাইকে উদ্ধারের কথা প্রশাসন জানালেও স্থানীয়রা বলছেন, ছয়জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবারের নৌকাবাইচ ছিলো রূপসায় এ ধরনের পঞ্চম আয়োজন। বেলা সোয়া ৩টায় শুরু হয় প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। নৌকাবাইচ ঘিরে সাজানো হয় রূপসা সেতু। এবারের প্রতিযোগিতায় খুলনার পাইকগাছা, কয়রা, ডুমুরিয়া, সাতক্ষীরার তালা, নড়াইলের কলিয়া এবং মাগুরা থেকে ১০টি দল অংশ নেয়। প্রথম হয় ডুমুরিয়ার মোস্তফা কামাল খোকনের দল টাইগার, দ্বিতীয় হয় মাগুরার অরুণ চন্দ্র মণ্ডলের দল জয়বাংলা এবং তৃতীয় হয় পাইকগাছার গৌতম বিশ্বাসের দল বলাকা। সাতক্ষীরার জয় মা কালী এবং তালার নবদুর্গা দলের দুটি নৌকা ডুবে যায়। তবে সঙ্গে সঙ্গে মাঝিদের উদ্ধার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনার বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, খুলনার জেলা প্রশাসক জামসের আহাম্মদ খন্দকারও ছিলেন। নৌকাবাইচের দর্শক অতিরিক্ত লোকের ভারে পশ্চিম রূপসা ঘাটের পন্টুন ডুবে গেলে অর্ধশতাধিক লোক নদীতে পড়ে যায়। তাদের বেশিরভাগ সাঁতরে তীরে ওঠেন। কয়েকজনকে তুলে আনে উদ্ধারকর্মীরা। দমকল বাহিনীর ডুবুরি মাসুদ সরকার সাংবাদিকদের বলেন, তারা নদী থেকে কয়েকজনকে উদ্ধার করেন। জেলা প্রশাসক জমসের আহাম্মদ সাংবাদিকদের বলেন, "পন্টুনডুবির ঘটনায় কেউ নিখোঁজ নেই।" তবে নগরীর জিন্নাহপাড়া এলাকার জাহানার বেগম জানান, তার ছেলে বাহাদুরকে (১১) খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া সনিয়া (১২), রহমান (৭), রাজু শেখ (৮) আকলিমা বেগম (৩৮) ও সোহানকে (১৫) খুঁজে পাওয়া যাচ্ছে না বলে রূপসা ঘাট এলাকার বাসিন্দারা দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৫ ঘ.