২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগে আ'লীগ নেতার ছেলে আটক

এক প্রকৌশলীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি আমিরুল ইসলামের ছেলে সুমন ইসলামকে পুলিশ আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক প্রকৌশলীর কাছে চাঁদা দাবি করার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি আমিরুল ইসলামের ছেলে সুমন ইসলামকে পুলিশ আটক করেছে। শুক্রবার সকালে উল্লাপাড়ার সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজ এলাকা থেকে তাকে আটক করা হয়। উল্লাপাড়া থানার পরিদর্শক তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে রেস্ট হাউজে গিয়ে উপ-প্রকৌশলী বাদেশ আলমের কক্ষের দরজা বন্ধ করে সুমন তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। না দিলে তাকে রুম থেকে বের হতে দেওয়া হবে না বলে ভয় দেখান। এসময় তার চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ এসে রেস্ট হাউজের পাশ থেকে তাকে আটক করে। পুলিশ কর্মকর্তা আরো বলেন, সুমনের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় বেশ কয়েকটি চাঁদাবাজি ও ছিনতাই মামলা রয়েছে। প্রকৌশলীর কাছে চাঁদাদাবির ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে আরো একটি মামলা হয়েছে। এ ব্যাপারে বাদেশ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করতোয়া নদীর উপর সোনতলা সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের অতিথি ও অন্য কর্মকর্তাদের বিশ্রাম নেওয়ার জন্য রেস্ট হাউজ পরিস্কা-পরিচ্ছন্ন কাজ তদারক করছিলাম। এসময় সুমন এসে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৪ ঘ.