ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ আশা করছে, তাদের দেওয়া সময়ের মধ্যেই কাজে যোগ দেবেন বৈমানিকরা। অন্যদিকে বৈঠক চলছে কর্মবিরতি চালিয়ে আসা বৈমানিকদের।
বৈমানিকদের কর্মবিরতির কারণে দেশের পতাকাবাহী বিমান সংস্থার ফ্লাইটসূচি বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবারও দুটি ফ্লাইট বাতিল এবং তিনটি ফ্লাইটসূচিতে পরিবর্তন আনা হয়েছে।
তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, সাময়িক সমস্যা হলেও বড় ধরনের কোনো জটিলতা এখনো হয়নি।
ফ্লাইটসূচি পরিবর্তন
শাহজালাল বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের বৃহস্পতিবারের অভ্যন্তরীণ রুটের ঢাকা-কক্সবাজার এবং আন্তর্জাতিক রুটের ঢাকা-দিল্লি ফ্লাইট বাতিল করা হয়েছে।
দেরিতে ছাড়ছে তিনটি ফ্লাইট। অভ্যন্তরীণ রুটের ঢাকা-সিলেট ফ্লাইট দুপুর সাড়ে ১২টার পরিবর্তে সাড়ে ৬টায় ছাড়বে। ঢাকা-মাসকাত ফ্লাইটটি সকাল সাড়ে ৮টার পরিবর্তে দুপুর আড়াইটায় ছাড়বে। এছাড়া ব্যাংককমুখী সকাল সাড়ে ৮টার ফ্লাইটটি সাড়ে চার ঘণ্টা পর ছেড়ে যায়।
দুটি আন্তর্জাতিক ফ্লাইট একসঙ্গে করে পরিচালনা করা হচ্ছে। বাহরাইন ও কুয়েতের আলাদা দুটি ফ্লাইট এখন একসঙ্গে হয়ে রাত সাড়ে ৮টায় ছাড়বে।
এছাড়া সিঙ্গাপুরের দুটি ফ্লাইট একসঙ্গে হয়ে সকাল ৯টায় বিমানবন্দর ছেড়েছে।
বিমানের সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার দুপুরে বলাকা ভবনে এক সংবাদ সম্মেলনে বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, "বিমানের ফ্লাইটসূচি সচল রাখার জন্য যা যা করার দরকার, সবই আমরা করছি।"
মঙ্গলবার রাত থেকে বৈমানিকরা কর্মবিরতি শুরু করলে অনেকগুলো ফ্লাইটসূচি বদলায় বিমান। উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদেরও বিমান চালনায় নামানো হয়।
জাকিউল বলেন, "এখন পর্যন্ত বড় সমস্যা হয়নি। কিছু ফ্লাইট রি-শিডিউলড হচ্ছে।"
"আশা করছি, শিগগিরই কাজে যোগ দেবেন পাইলটরা", বলেন তিনি। বিদেশি পাইলট ভাড়া করার কোনো পরিকল্পনা নেই বলেও বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানান।
বিমান কর্তৃপক্ষ যখন সংবাদ সম্মেলন করছিলেন, তখনই বলাকা ভবনে নিজেদের সমিতি কার্যালয়ে বৈঠকে বসেন বৈমানিকরা। তবে বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের (বাপা) ওই বৈঠকের সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
বিমান হুঁশিয়ারি দিয়েছে, বৈমানিকরা বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে তাদের বিরুদ্ধে 'কঠোর' ব্যবস্থা নেওয়া হবে। এজন্য নোটিশও পাঠানো হয় তাদের।
বাপা'র ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নোটিশ পেয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার রাতে চারজন বৈমানিককে ফ্লাইট পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেয় বিমান। এর প্রতিবাদে রাতেই অনির্দিষ্টকাল কর্মবিরতির সিদ্ধান্ত নেয় ১১৬ বৈমানিকের সংগঠন বাপা। এর বাইরে বিমানের বৈমানিক রয়েছেন সাতজন।
বৈমানিক সঙ্কটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বুধবার একটি ফ্লাইট বাতিলসহ অন্তত পাঁচটি ফ্লাইটসূচিতে পরিবর্তন আনে। এ কারণে ভোগান্তিতে পড়তে হয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যের শতশত যাত্রীর। পরিবর্তন করতে হয় উড়োজাহাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/এমআই/১৪১০ ঘ.
bdnews24