ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় বৈমানিকদের কর্মবিরতির কারণে এলোমেলো হয়ে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ফ্লাইটসূচি।
জাতীয় পতাকাবাহী এ প্রতিষ্ঠানটি বুধবার একটি ফ্লাইট বাতিলসহ অন্তত পাঁচটি ফ্লাইটসূচিতে পরিবর্তন এনেছে। এ কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যের শত শত যাত্রী।
বৈমানিক সংকটের কারণে পরিবর্তন করতে হয়েছে উড়োজাহাজ। পরিস্থিতি মোকাবেলায় চালকের আসনে বসতে হয়েছে বিমান কর্মকর্তাদের।
প্রায় ৫০ জন বৈমানিক অসুস্থতার কারণ দেখিয়ে কর্মবিরতি পালন করার মধ্যেই বুধবার বিকেলে সংবাদিক সম্মেলন করে বাংলাইদেশ এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)।
বাপা সাধারণ সম্পাদক এম এ বাসিত মাহতাব বলেন, "বিমান কর্তৃপক্ষের আচরণে আমরা আর উড়োজাহাজ চালাতে স্বস্তি বোধ করছি না। গতকালের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।"
তবে হজফ্লাইট চালাতে তাদের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, "আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে তার আগে চারজনের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে।"
বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এত সংখ্যক বৈমানিক একসঙ্গে অসুস্থ হয়ে পড়াটা উদ্দেশ্যমূলক।"
ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বলেন, "ইচ্ছাকৃতভাবেই বৈমানিকরা অসুস্থ হয়ে পড়েছেন।"
যাত্রীদের নিরাত্তার কারণ দেখিয়ে মঙ্গলবার রাতে চারজন পাইলটকে উড়োজাহাজ পরিচালনা থেকে সাময়িক অব্যাহতি দেয় বিমান কর্তৃপক্ষ। এদের মধ্যে রয়েছেন বাপা ভারপ্রাপ্ত সভাপতি জাকির হুসেইন ও সাধারণ সম্পাদক এমএ বাসিত মাহতাব রয়েছেন। এছাড়া বাপার সাবেক সভাপতি ক্যাপ্টেন এসএম হেলালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
এর প্রতিবাদে কর্মবিরতির সিদ্ধান্ত নেয় বাপা সদস্যরা। মঙ্গলবার রাতের মধ্যেই প্রায় ৫০ জন বাপা সদস্য অসুস্থতার কারণ দেখিয়ে কাজে যোগ দিতে অপারগতা প্রকাশ করে। ফলে ভেঙে পড়ে বিমানের ফ্লাইটসূচি।
বৈমানিক সংকটে মঙ্গলবার রাত ১০টার বিমানের দুবাইগামী ফ্লাইটটি ঢাকা থেকে ছাড়ে রাত ১টায়। বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন) নাসির উদ্দিন আহমেদ নিজেই ফ্লাইটটি চালিয়ে দুবাই নিয়ে যান বলে বিমানের একজন কর্মকর্তা জানিয়েছেন।
এরপর বুধবার সকাল থেকে শুরু হয় ফ্লাইট বিপর্যয়। এয়ারবাস ৩১০ দিয়ে ঢাকা-দুবাই-লন্ডন ফ্লাইটের নির্ধারিত সময় ছিল ভোর সোয়া ৬টায়। বৈমানিক সংকটে সাত ঘণ্টা দেরিতে দুপুর ১টার দিকে তিনশজন যাত্রী নিয়ে ফ্লাইটটি ছেড়ে যায়। তবে নির্ধারিত এয়ারবাসের পরিবর্তে পাইলটসহ ভাড়া করা বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজে যাত্রীদের পাঠানো হয়।
এরপর একটি ফ্লাইট বাতিলসহ অন্তত আরো চারটি ফ্লাইটের সময় পিছিয়ে দেওয়া হয়।
একশ ৬২ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭ দিয়ে ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট চালানোর কথা ছিল বুধবার রাত ৮টায়। সেটি বাতিল করে বৃহস্পতিবার রাত ১০টায় নির্ধারিত আরেকটি ফ্লাইটে যাত্রীদের পাঠানো হবে। লন্ডন থেকে বোয়িং ৭৭৭-২০০ ইআর ফিরে আসার পরই এ ফ্লাইটের যাত্রীরা যেতে পারবেন।
এয়ারবাস ৩১০-এ দুশ ৩৬ জন যাত্রী নিয়ে ঢাকা-মাস্কাট ফ্লাইট ছাড়ার কথা ছিল বুধবার রাত ৯টায়। সেটি পিছিয়ে বৃহস্পতিবার দুপুর ১টায় করা হয়েছে।
বেলা পৌনে ৩টার ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটটি নির্দিষ্ট সময়ে ছাড়লেও বৈমানিক সংকটে উড়োজাহাজ পরিবর্তন করতে হয়। একশ একজন যাত্রী নিয়ে ঢাকা-কলকাতা ফ্লাইটটি বিকেল পৌনে ৪টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৭টায় ছেড়ে যায়।
লন্ডন থেকে আসা সিলেটগামী একটি ফ্লাইটের ঢাকা ছাড়ার কথা ছিলো বেলা সাড়ে ১২টায়। বিকেল ৪টায় ঢাকা থেকে সিলেটগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটের সময় এক ঘণ্টা পিছিয়ে তাতে লন্ডন থেকে আসা যাত্রীদের পাঠানো হয় বিকেল ৫টায়।
বৈমানিক সঙ্কটের প্রেক্ষাপটে উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের দিয়ে ফ্লাইট পরিচালনা করছে বিমান।
উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতাসম্পন্ন ১০ জন কর্মকর্তা বিমানে রয়েছেন জানিয়ে জাকিউল ইসলাম বলেন, "বিমানের পরিচালক (পরিকল্পনা), পরিচালক (ফ্লাইট পরিচালনা), মহাব্যবস্থাপক (পরিকল্পনা)- এ সব কর্মকর্তা এখন উড়োজাহাজ চালাচ্ছেন।"
বাপার সদস্য একশ ১৬ জন পাইলটের বাইরে বিমানে চুক্তিভিত্তিক পাইলট রয়েছেন সাতজন।
২০ অক্টোবর এক সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে ২২ অক্টোবর থেকে কাজ করছেন না বাপা সদস্যরা।
এরপর মঙ্গলবার চার বৈমানিককে ফ্লাইট চালানোর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। আরেকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর আগে সংবাদ সম্মেলন করায় চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিসি/এজে/এমইউএস/আরএ/এমআই/পিডি/২৩৫৩ঘ.
bdnews24