বগুড়া, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুর উপজেলায় বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন।
বুধবার দুপুরে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- অটোরিকশা যাত্রী রেজওয়ান (৭), তার মা জায়েদা বেগম (৩৫), ইসাহাক আলী (৬৫) ও চালক শাহিনুর মিয়া (২৬)।
শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় দুপুর ১২ টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী রেজওয়ান মারা যান। আহত অবস্থায় অপর যাত্রী ইসাহাক আলীকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং চালক শাহিনুরকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তারা মারা যায়। আরো পরে রাত ৯টার দিকে মারা যান জায়েদা বেগম।
আহত হয়েছেন ওমর ফারুক (২২)।
ওসি জানান, দুর্ঘটনার পর এলাকাবাসী মহাসড়কে নেমে এলে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৬ ঘ.
bdnews24