ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকদের ধর্মঘটে প্রায় অচল হয়ে পড়েছে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
মঙ্গলবার রাতে এক রোগীর স্বজনদের হাতে মারধরের বিচার চেয়ে শিক্ষানবিশ চিকিৎসক এবং মেডিকেল অফিসাররা এ কর্মসূচি ডাকেন।
ধর্মঘটের কারণে জনসন রোডের ৩০০ শয্যার এ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। তবে জরুরি কিছু চিকিৎসা চলছে। জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতালের মেডিকেল অফিসার পলাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে মতি মিয়া (৭১) নামে এক ক্যান্সারের রোগী আসেন। কিন্তু হাসপাতালে ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে অন্য হাসপাতালে যেতে পরামর্শ দেওয়া হয়। কিন্তু রোগীর স্বজনদের চাপে তাকে ভর্তি করা হয়।
রোগীর স্বজনরা বিশেষজ্ঞ চিকিৎসক আনার দাবি জানালে তা নিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বচসা হয় জানিয়ে পলাশ বলেন, এরপর কোনো ছাড়পত্র ছাড়াই রোগীকে নিয়ে যাওয়ার চেষ্টা করা বাধা দিলে কয়েকজন চিকিৎসক মারধরের শিকার হন।
এরপরই চিকিৎসকরা চার দফা দাবিতে ধর্মঘট ডাকেন। দাবিগুলো হচ্ছে- হাসপাতাল ও কলেজে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন, রোগীর স্বজনদের হাসপাতালে প্রবেশে কার্ড প্রথা চালু, চিকিৎসক মারধরের ঘটনায় মামলা করা এবং হাসপাতালের পরিচালক এবং সহকারী পরিচালকের পদত্যাগ।
পলাশ বলেন, "মঙ্গলবারের ঘটনাটি সূত্রাপুর থানার জানানোর পর পুলিশ আসার পর সহকারী পরিচালক ডা. হেলাল 'কিছু হয়নি মিটমাট হয়ে গেছে' বলে পুলিশকে বিদায় করে দেন।"
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
এ বিষয়ে পরিচালক অধ্যাপক এমআর আজাদ বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষযটি বড় কিছু নয়। এখনই ঠিক হয়ে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.
bdnews24