চাঁদপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তকারীকে বাধা দেওয়ায় চাঁদপুরে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন দুই সহোদর।
মঙ্গলবার বিকালে কচুয়া উপজেলা সদরে এ হামলা হয়।
আহত দু'ভাই মফিজুল ইসলাম মধু (৪৫) ও গাজী কামালকে (৩২) প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মধুকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল এবং কামালকে কুমিল্লার কচুয়াতলী হাসপাতালে পাঠানো হয়।
মধু সাংবাদিকদের জানান, তার ভাইজি স্থানীয় কোয়া গার্লস স্কুলের এসএসসি পরীক্ষার্থী। স্কুলে আসা-যাওয়ার পথে কিছু বখাটে তাকে উত্ত্যক্ত করত।
মঙ্গলবার বিকালে মধু ওই বখাটেদের বলে আর যেন তার ভাইজিকে উত্ত্যক্ত না করে।
এতে ওই বখাটেরাসহ ২০/২৫ জন দুর্বৃত্ত কচুয়া বাজারে মধুর গাজী ফটোস্ট্যাট-এ হামলা চালায় এবং তাকে মারধর করে। এ সময় ছোটভাই কামাল এগিয়ে এলে তাকেও মারধর করে।
তারা হকিস্টিক ও লোহার রড দিয়ে তাদের পেটায়।
এতে কামালের মাথায় ১০টি সেলাই দিতে হয়। মধুর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
পরবর্তীতে আবারো হামলার ভয়ে মধু উত্ত্যক্তকারীদের নাম-পরিচয় সাংবাদিকদের বলেননি। তবে তারা কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র বলে জানান তিনি।
কচুয়া থানার ওসি মো. হারুন আল রশিদ রাত ১১টায় বলেন, এ ঘটনায় কেউ আটক হয়নি। থানায় এখনো কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৪ ঘ.
bdnews24