২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভটিজিং বিরোধী মানববন্ধনে ডেভিডসন

বাগেরহাটের মংলায় একটি ইভটিজিং বিরোধী মানববন্ধনে অংশ নিয়েছেন বৃটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্টিন ডেভিডসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 05:01 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

বাগেরহাট, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলায় একটি ইভটিজিং বিরোধী মানববন্ধনে অংশ নিয়েছেন বৃটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্টিন ডেভিডসন। মঙ্গলবার খুলনা ও বাগেরহাটের আইলা দুর্গত এলাকা পরিদর্শনে এসে বিকালে মংলার উত্তর চাঁদপাই গ্রামে তিনি এই কর্মসূচিতে অংশ নেন। স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার প্রজেক্ট ও বৃটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে পরিচালিত প্রকল্প 'অ্যাকটিভ সিটিজেন' এই কর্মসূচির আয়োজন করে। ইভ টিজিং বিরোধী এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মার্টিন ডেভিডসন বলেন, বাংলাদেশের যেকোনো ভাল উদ্যোগে সবসময় তার ও তার প্রতিষ্ঠানের সমর্থন রয়েছে। তবে এটা (ইভটিজিং) বাংলাদেশের মানুষের নিজস্ব একটি সমস্যা এবং এর সমাধান নিজেদেরই করতে হবে। এ সময় বৃটিশ কাউন্সিলের কর্মসূচি উন্নয়ন ব্যবস্থাপক ম্যাথিউ নলেস, গ্লোবাল হিউম্যান রিসোর্স পরিচালক পিপ্পা গ্রিনসলেড, হেড অব কালচার, ক্লাইমেট অ্যান্ড সিটিজেনশিপ সৈয়দ মাসুদ হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের কর্মসূচি ব্যবস্থাপক জমিরুল ইসলাম, মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ প্রমূখ তার সঙ্গে ছিলেন। সকালে ডেভিডসন মংলা উপজেলার নারকেলতলা আসেন। সেখান থেকে খুলনার দাকোপ উপজেলার কামারখালী গিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রকল্প পরিদর্শন করেন। বিকালে মংলার কানাইনগর গ্রামের লেডিজ ক্লাবের পাঠাগার 'হাসি-খুশী' পরিদর্শন করেন। সেখান থেকে তিনি চাঁদপাই মেছের শাহ মাধ্যমিক বিদ্যালয়ে যান। সেখানে হাঙ্গার প্রজেক্ট ও বৃটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে তরুণ নেতৃত্ব তৈরির লক্ষ্যে স্থানীয় কলেজ শিক্ষার্থীদের একটি প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর একটিভ সিটিজেন সদস্যদের পরিচালিত উত্তর চাঁদপাই বয়স্ক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশে মংলা ত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫০ ঘ.