নাটোর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরের লোকমানপুর ও রাজশাহীর চরলক্ষ্মীপুর থেকে ইভটিজিংবিরোধী আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।
বখাটেদের হাতে নিহত কলেজ শিক্ষক মিজানুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার আদর্শকে স্মরণীয় করে রাখতে প্রশাসন এই উদ্যোগ নেবে বলে তিনি জানান।
প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার বিকালে নিহত মিজানুরের পরিবারের সঙ্গে সাক্ষাত করে এই ঘোষণা দেন।
মিজানুরের পরিবার জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে রাজশাহীর বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল মিজানুরের স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা করে।
প্রতিনিধি দলে আরো ছিলেন- রাজশাহীর জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখ্ত, নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুলতান আব্দুল হামিদ, বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নওশের আলী, বাগাতিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন খান ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ।
তারা শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে মিজানুরের একমাত্র মেয়ের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান তুলে দেন পরিবারের সদস্যদের হাতে।
বিভাগীয় কমিশনার, রাজশাহী ও নাটোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আর্থিক অনুদান দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান বলেন, মিজানুর রহমান এই আত্মত্যাগ সরকারি প্রশাসন স্মরণীয় করে রাখতে চায়। এ জন্য লোকমানপুর ও চরলক্ষ্মীপুর থেকে সরকারি উদ্যোগে ইভটিজিং বিরোধী আন্দোলন শুরু করা হবে।
তিনি বলেন, ইভটিজিং বিরোধী জন সচেতনতা বাড়ানো হবে এই অন্দোলনের কাজ।
বিভাগীয় কমিশনার চারঘাট উপজেলার বানেশ্বর ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে মিজানুরের স্ত্রীকে চাকরি দেওয়ারও আশ্বাস দেন।
পরে প্রতিনিধি দলের সদস্যরা মিজানুরের কবর জিয়ারত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৯ ঘ.
bdnews24