সিলেট, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে আর্থিক সহায়তা দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে ১০ শিক্ষার্থীর পদযাত্রা মঙ্গলবার বিকালে সিলেট পৌঁছেছে।
'নবীন প্রজন্ম গড়বে নতুন মুক্তিযুদ্ধ জাদুঘর'- এ স্লোগান নিয়ে গত ১৬ অক্টোবর ঢাকার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সিলেটের উদ্দেশে 'তারুণ্যের পদযাত্রা' শুরু হয়। ২৯ অক্টোবর সুনামগঞ্জে পদযাত্রা শেষ হবে।
এতে অংশ নেওয়া ১০ শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
বিকাল ৪টায় পদযাত্রা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাদের স্বাগত জানান উপাচার্য মো. সালেহ উদ্দিন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ইয়াসমিন হক, সুশান্তকুমার দাস, শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন, প্রক্টর এস এম সাইফুল ইসলাম প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে পদযাত্রায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান লেখক ও শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল।
দেশ প্রেমের এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তিনি তাদের কৃতজ্ঞতা জানান।
এর আগে পদযাত্রা দলের সদস্যরা সিলেটের রাজা জিসি উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, দি এইডেড হাইস্কুল, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারনায় অংশ নেয়।
সর্বজনের সহায়তায় মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে আর্থিক সহায়তা চেয়ে ওই শিক্ষার্থীরা পদযাত্রাকালে লিফলেট বিলি করেন।
বুধবার সকালে তারা সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশে পদযাত্রা শুরু করবেন। আগামী ২৯ অক্টোবর সুনামগঞ্জের ডলোরা শহীদ সমাধিস্থলে গিয়ে ১৩ দিনের পদযাত্রা কর্মসূচি শেষ হবে।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা হণেন- শরীফ রেজা মাহমুদ, কাজী ইমরান, মন্টু বাবু সরকার, ইব্রাহিম হোসেন, শাহাদাৎ হোসেন, তৌহিদ হাসান, মো. মোস্তফা, নিজাম উদ্দিন, সানি আহমদ ও মির্জা মাহমুদ।
শরীফ রেজা মাহমুদ সাংবাদিকদের বলেন, "আমরা যেখানে গিয়েছি সেখানেই উৎসাহ পেয়েছি। আমরা নতুন প্রজন্মকে জাদুঘর নির্মাণে তহবিল সংগ্রহের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহবান জানাই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৩ ঘ.
bdnews24