ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশাখী টেলিভিশনের একজন প্রতিবেদককে মঙ্গলবার সকাল থেকে পাওয়া যাচ্ছে না।
সকাল পৌনে ১০টার দিকে বাসা থেকে অফিসের উদ্দেশে বেরিয়ে যাওয়ার পর টেলিভিশন স্টেশনটির জ্যেষ্ঠ প্রতিবেদক কামরান করিমের খোঁজ পাচ্ছেন না তার স্ত্রী নাজিয়া বিনতে হামিদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসা থেকে সে রিকশায় করে অফিসে রওয়ানা হয়। পৌনে ১২টার দিকে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অফিসে খোঁজ নিয়ে জানতে পারি সে অফিসেও পৌঁছতে পারিনি।"
বৈশাখী টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর শেখ নজরুল ইসলাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "বাসা থেকে বের হওয়ার সময় কামরানের মোবাইলে একটি ফোন আসে। তিনি কথা বলতে বলতে বের হয়ে যান। এরপর তিনি আর অফিসে আসেননি।"
এব্যাপারে তার স্ত্রী নাজিয়া বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বাড্ডা থানার ওসি মো. মুজিবুর রহমান জিডির বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবগুলো পুলিশ চেকপোস্ট ও গোয়েন্দা পুলিশকে (ডিবি) বিষয়টি জানানো হয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।"
কামরানের সহকর্মী মাহবুব আলম লাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একটি আইন প্রয়োগকারী সংস্থা সনাক্ত করেছে, কামরানের মোবাইল ফোন সকাল ১১টার দিকে গাজীপুর চৌরাস্তা এলাকায় ছিলো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জেবি/জিএনএ/২১০৫ ঘ.
bdnews24