শরীয়তপুর, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ছয় বছর আগে শরীয়তপুরে হামলার ঘটনায় বিএনপি-জামায়াতে দেড়শ' সমর্থকের বিরুদ্ধে একটি মামলা করেছেন যুবলীগের এক নেতা।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় ২৪ অগাস্ট সারা দেশে হরতাল ডাকা হয়।
হরতালের সমর্থনে শরীয়তপুর সদরে বৈঠকের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন স্থানীয় যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন খান।
হাকিম আবদুল মান্নান মামলাটি আমলে নিয়ে পালং (সদর) থানার ওসি এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিদের মধ্যে আছেন- বিএনপি সমর্থক রুস্তম মাদবর, আকবর মাদবর, আতাহার মাদবর, নুরুল আমীন বেপারী, মোখলেছ মোল্লা, আমির হোসেন মাদবর, দেলোয়ার মাদবর।
মামলার বাদি শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন খান সাংবাদিকদের বলেন, রাজনৈতিক প্রতিকূলতা থাকায় তখন তারা মামলা করতে পারেননি। তাই এখন মামলা করেছেন।
এজাহারের বরাত দিয়ে বাদির আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, হরতালের সমর্থনে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার বাজারের পাশে পুকুর ঘাটে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বসে আলোচনা করছিলেন।
ওই সময় বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এতে মামলার বাদি শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন খান, সাক্ষী শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন গুলিবিদ্ধসহ অনেক নেতাকর্মী আহত হয়।
এ সময় হামলাকারীরা ৮-১০টি বাড়িতে লুটপাট চালায় বলেও অভিযোগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৪ ঘ.
bdnews24