২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুল মুজাহেদীন সদস্য মালেক আবার রিমান্ডে

হিযবুল মুজাহেদীন সদস্য আব্দুল মালেক ওরফে গোলাম মাওলাকে (৪৬) ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় আরো চারদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিযবুল মুজাহেদীন সদস্য আব্দুল মালেক ওরফে গোলাম মাওলাকে (৪৬) ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় আরো চারদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে সিআইডি। সাতক্ষীরার মালেককে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সাতদিন হেফাজতের (রিমান্ড) আবেদন জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন শুনানি শেষে মঙ্গলবার চার দিনের হেফাজতে মঞ্জুর করেন। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রের্কডিং কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) এসএম গাফ্ফারুল আলম এবং রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হেফাজতের এ তথ্য নিশ্চিত করেন। গত ১৮ অক্টোবর একই মামলায় তাকে চারদিন হেফাজতে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মালেককে দুই দফায় পাঁচদিন হেফাজতে জ্ঞিজাসাবাদ করা হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হেফাজত আবেদনে তাকে পাকিস্তানভিত্তিক হিযবুল মুজাহেদীন নেতা বলে উল্লেখ করা হলেও এ মামলায় তার সেরকম পরিচয় উল্লেখ করা হয়নি। হেফাজত আবেদনে বলা হয়, সাতক্ষীরার ইন্দ্র নগর কালিগঞ্জের আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ ওরফে জিএম ২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত মাওলানা তাজউদ্দিন, মুফতি হান্নান, আরিফ হাসান সুমন, হাফেজ মাওলানা আবু তাহের, আব্দুল মাজেদ বাটসহ অন্যদের সঙ্গে যোগসাজশে ওই হামলার আগে রাজধানীর মোহাম্মদপুরে ষড়যন্ত্র ও প্রস্তুতিমূলক কাজে অংশ নেয় বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশের সব গ্রেনেড হামলা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। তিনি নিষিদ্ধ হরকাতুল জিহাদসহ অন্য জঙ্গী দলকে অর্থায়ন, প্রশিক্ষণসহ এক দেশ থেকে অন্য দেশে জঙ্গি পাঠানোয় জড়িত বলে উল্লেখ করা হয় হেফাজত আবেদনে। গত ৪ আক্টোবর রাতে আরো একজনসহ মালেককে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৩৮ঘ.