রাজশাহী, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগর ও চারঘাট উপজেলায় মঙ্গলবার দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ দুটি ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর মধ্যে নগরীর সাগরপাড়ায় সোমবার দিবাগত রাতে রঞ্জিত চন্দ্র দাস (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ির বারান্দা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের চাচা মানিক দাস অভিযোগ করেন, রিনার সঙ্গে নগরীর শেখেরচক এলাকার বুলবুল নামের এক যুবকের সম্পর্ক হয়। বিষয়টি জানার পর রঞ্জিতের সঙ্গে রিনা প্রায়ই ঝগড়া হতো। এর জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।
অভিভাবকের অভিযোগ, স্ত্রীর পরকীয়া প্রেম নিয়ে বিরোধে তিনি খুন হয়েছেন।
অপরদিকে স্ত্রী রিনা রানী দাস জানান, গতরাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়। সারারাত পাশের ঘরে থাকার পর ভোরে স্বামীর ঘরে প্রবেশ করে তাকে খাটের উপর গলায় শাড়ি পেচানো অবস্থায় দেখতে পান।
বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদাত হোসেন জানান, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলার চারঘাট উপজেলার থানাপাড়া এলাকায় পদ্মার চর থেকে জাকারিয়া হোসেন বাবু (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বাবু পুঠিয়ার শুকদেবপুরের সৈয়দ আলীর ছেলে। সোমবার রাতে স্থানীয়রা লাশ দেখে থানায় খবর দেয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
চারঘাট থানার ওসি হামিদুর রশিদ জানান, বাবুর পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিলো। অর্ধগলিত লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৫ ঘ.
bdnews24