২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানী-নাতিকে হত্যায় জড়িত সন্দেহে ছেলে গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে শাহিদা বেগম ও তার নাতি আহাদকে হত্যায় জড়িত সন্দেহে শাহিদার ছেলে সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2010, 11:54 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে শাহিদা বেগম ও তার নাতি আহাদকে হত্যায় জড়িত সন্দেহে শাহিদার ছেলে সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহিদার স্বামী ইসমাইল হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে নিজ গ্রাম মাদারীপুর থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়। ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওসির ধারণা সেলিম এ হত্যাকাণ্ডে জড়িত। তিনি জানান, সম্পত্তি বিক্রি করতে রাজি না হওয়া এবং ছেলের জন্য শাহিদার নেওয়া ঋণের টাকা শোধের বিষয়টি এ হত্যাকাণ্ডের কারণ হয়ে থাকতে পারে। সোমবার কেরানীগঞ্জের মাদারীপুর গ্রাম থেকে শাহিদা বেগম (৪৫) ও তার মেয়ে আশার ছেলে আহাদের (৫) মৃতদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ থানা। এ সময় গ্রেপ্তার সেলিমের ছেলেকেও আহত অবস্থায় উদ্ধার করা হয়। সেলিমের ছেলে সালমান এখনও সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। নিহত শাহিদার ভাই মামুন বাদী হয়ে সোমবার রাতে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনি কোনো আসামির নাম উল্লেখ করেননি। বোনের স্বামীকে সন্দেহ মামুনের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলার সময় তার বোনের (নিহত শাহিদা) স্বামী ইসমাইল হোসেন হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন মামুন। তিনি বলেন, "ইসমাইলের অনেক সম্পত্তি ছিলো। গোপনে একাধিক বিয়ে করে এসব সম্পত্তি বিক্রি করে ওই সব সংসার চালাতো। এসব বিষয় জানাজানি হলে প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে চাপ দিয়ে সব সম্পত্তি শাহিদার নামে করে নেওয়া হয়।" কিছুদিন আগে বাবার (ইসমাইলের) পরামর্শে কিছু জমি বিক্রির জন্য সেলিম তার মাকে চাপ দেয় বলে জানান মামুন। এতে তার বোন রাজি হননি। এছাড়া সেলিমের ব্যবসার জন্য শাহিদা প্রায় ৫০ হাজার টাকা ঋণ নেন একটি প্রতিষ্ঠান থেকে। এই ঋণের কিস্তি শোধ না করার কারণে শাহিদা প্রায়শই সেলিমকে গালমন্দ করতেন। মাদারিপুর এলাকার ব্যবসায়ী মোহর আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহিদাকে বিয়ে করার পর গোপনে বিভিন্ন সময়ে ইসমাইল তিনটি বিয়ে করে। এ স্ত্রীদের তিনি মাদারিপুরে আনতেন না। তার এই একাধিক বিয়ের বিষয়টি প্রথম স্ত্রী শাহিদা জানার পর তাদের মধ্যে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। নিহত শাহিদা বেগম এবং তার মেয়ে আশা বেগমের ছেলে আহাদের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়ানাতদন্ত শেষে দুপুরে গ্রামের বাড়ি মাদারিপুরে নেওয়া হয়। পরে বিকালে নেকরোজবাগ কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় বলে জানান শাহিদার ভাই মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৭৫০ঘ.