ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশ এবার একধাপ পিছিয়েছে, যদিও স্কোর আগের বছরের সমানই রয়েছে।
দুর্নীতিবিরোধী এ আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ হয়েছে। তালিকায় বাংলাদেশের অবস্থান এবার দ্বাদশ। গতবার ছিলো ত্রয়োদশ। বাংলাদেশের এবারের স্কোর ২ দশমিক ৪, যা আগের সমান।
"গতবারের সমান পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান দ্বাদশ। এ থেকে ধারণা পাওয়া যায়, বাংলাদেশে দুর্নীতি হ্রাসে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি", বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান।
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার সব দেশে দুর্নীতির এ ধারণা সূচক একযোগে প্রকাশ হয়েছে।
টিআই'র সূচকে এবার শীর্ষে রয়েছে আফ্রিকার সোমালিয়া। তাদের পয়েন্ট ১ দশমিক ১। অর্থাৎ সূচক অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই দেশটিতে।
অন্যদিকে তালিকায় সবার নিচে রয়েছে ডেনমার্ক, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর। অর্থাৎ সবচেয়ে কম দুর্নীতি হয় এদেশগুলোতে।
প্রতিবছর বিভিন্ন দেশে দুর্নীতির চিত্র তুলে ধরার জন্য একটি ধারণাসূচক প্রকাশ করে টিআই। বার্লিনভিত্তিক এ সংস্থাটি বলছে, এটা প্রামাণ্য কোনো বিষয় নয়, তবে এ থেকে দুর্নীতির বিস্তারের একটি ধারণা পাওয়া যায়।
বাংলাদেশের সঙ্গে দ্বাদশ অবস্থানে রয়েছে আরো আটটি দেশ। এগুলো হলো আজারবাইজান, হন্ডুরাস, নাইজেরিয়া, ফিলিপাইন, সিয়েরালিওন, টোগো, ইউক্রেইন ও জিম্বাবুয়ে।
সংবাদ সম্মেলনে টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, "বাংলাদেশে পরিসংখ্যানের দিক থেকে দুর্নীতি হ্রাসে কোনো অগ্রগতি আমরা দেখছি না।"
তবে মানবাধিকার কমিশন গঠন, সিটিজেন্স চার্টার তৈরির ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত ইতিবাচক বলে উল্লেখ করেন তিনি।
টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, "আমাদের সংসদ কাজ করছে না। দুর্নীতি দমন কমিশন পুরোপুরি কার্যকর নয়। সরকারি দলের সংসদ সদস্যরা সোনার নৌকা গ্রহণ করছেন, সার্ভিস চার্জের নামে চাঁদাবাজি হচ্ছে, বিদ্যুৎখাতে দায়মুক্তি আইন পাস করা হয়েছে ইত্যাদি একটি দেশের দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে নেতিবাচক দিক।"
"দুর্নীতি রোধে রাজনৈতিক কমিটমেন্ট থাকতে হবে। কেবল বক্তব্য দিলেই দুর্নীতি রোধ হবে না", বলেন তিনি।
অধ্যাপক মোজাফফর বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় বসার পর সংসদে যেভাবে প্রধানমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে বক্তব্য দিয়েছেন, বাস্তবে তার প্রতিফলন আমরা দেখি না।"
মন্ত্রিসভার সদস্যদের সম্পদের হিসাব ও আয়কর রিটার্ন প্রকাশ না করায় উষ্মা প্রকাশ করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, "দেশে দুর্নীতি প্রতিরোধে প্রত্যাশিত ফল আসেনি। অবস্থান ত্রয়োদশ থেকে দ্বাদশ হয়েছে। এটা ক্রমাবনতি।"
টিআই'র সূচকে ১০ স্কোর কেউ করতে পারেনি জানিয়ে তিনি বলেন, তার মানে হলো দুর্নীতি বিশ্বজনীন সমস্যা। সব দেশেই তা আছে।
দুর্নীতি প্রতিরোধে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করার সুপারিশ করেছে টিআইবি।
শীর্ষ 'দুর্নীতিগ্রস্ত' দেশ সোমালিয়ার পয়েন্ট ১ দশমিক ১। দ্বিতীয় স্থানে আছে যৌথভাবে আফগানিস্তান ও মিয়ানমার। তৃতীয় স্থানে ইরাক এবং চতুর্থ স্থানে আছে সুদান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
অন্যদিকে সূচকে ৯ দশমিক ৩ স্কোর করে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে ডেনমার্ক, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুর।
কম দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে রয়েছে ফিনল্যান্ড, সুইডেন, কানাডা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, হংকং, ভুটান, ইতালি, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।
এ বছর বেশ কয়েকটি দেশের উল্লেখযোগ্যভাবে উন্নতি হয়েছে। এগুলো হলো ভুটান, চিলি, ইকুয়েডর, গাম্বিয়া, হাইতি, জামাইকা, কুয়েত ও কাতার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৪০ ঘ.
bdnews24