ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলাটি এখন বিচারিক আদালতে চলবে বলে আইনজীবীরা জানিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ মঙ্গলবার হাইকোর্টের আদেশ স্থগিত করে।
আদেশের পর কমিশনের আইনজীবী আবদুল আজিজ খান সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগের এ আদেশের ফলে নানকের বিরুদ্ধে এখন নিু আদালতে মামলাটি চলতে আর কোনো বাধা রইলো না।"
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নানকের বিরুদ্ধে ২০০৮ সালের ২৩ মার্চ রমনা মডেল থানায় মামলাটি করে দুদক। এ মামলায় তার বিরুদ্ধে ১৮ লাখ ২৭ হাজার ১০৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
নানকের পক্ষে তার স্ত্রী সৈয়দা আঞ্জুমান বানুর করা রিট আবেদনে ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি স্থগিতের আদেশ দিয়েছিলো হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৩০৬ ঘ.
bdnews24