ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় দৈনিক আমার দেশ'র ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।
এ মামলায় আপিল বিভাগ মঙ্গলবার হাইকোর্টের দেওয়া জামিনের আদেশের বিরুদ্ধে সরকারের করা আবেদন খারিজ করেছে।
প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ সরকারের আবেদন খারিজের আদেশ দেয়।
কারাবন্দি মাহমুদুর রহমানের বিরুদ্ধে আরো মামলা রয়েছে।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২ জুন রাজধানীর তেজগাঁও থানায় মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। সেদিনই গ্রেপ্তার হন তিনি। গত ১২ জুলাই হাইকোর্ট এ মামলায় তাকে জামিন দেয়।
আপিল বিভাগে মাহমুদুরের পক্ষে শুনানি করেন তার কৌঁসুলি রফিক উল হক। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১২৩০ ঘ.
bdnews24