ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে অপুষ্টির শিকার শিশুর সংখ্যা এ বছরের শেষ নাগাদ ৯০ লাখে গিয়ে দাঁড়াবে বলে নতুন এক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে কম্যুনিটি স্বাস্থ্য কর্মীদের ব্যাপকভিত্তিতে পুষ্টি কার্যক্রমে সম্পৃক্ত করার সুপারিশ করেছে সরকারের জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) এবং সেভ দ্য চিলড্রেন।
সোমবার রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে 'ন্যাশনাল সেমিনার অন ফাইন্ডিংস অব কম্যুনিটি কেস ম্যানেজমেন্ট অব সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন ইন সাউদার্ন বাংলাদেশ: অ্যান অপারেশনাল ইফেক্টিভনেস স্টাডি' শীর্ষক অনুষ্ঠানে এ সুপারিশ করা হয়।
সেমিনারে শিশুদের অপুষ্টি দূর করতে রেডি-টু-ইউজ থেরাপিউটিক ফুডস- আরইউটিএফ (বাদাম, দুধ ও মাইক্রোনিউট্রিয়েন্টের এক সংমিশ্রণ) এর কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন এর আবাসিক প্রতিনিধি ক্লেল্যান্ড স্টিভেনসন।
আইপিএইচএন পরিচালক ফাতিমা পারভীন চৌধুরী জানান, অপুষ্টি মোকাবেলায় ২০ বছর ধরে নানা কর্মসূচি চালানো হলেও চরম অপুষ্টি সমস্যা উপেক্ষিতই থেকে গেছে। একারণে অপুষ্টি কবলিত শিশুর সংখ্যা বেশি এমন দুটি উপজেলা ভোলার বোরহানউদদীন ও লালমোহনে ২০০৯ সালের জুন মাস থেকে ২০১০ সালের জুন মাস পর্যন্ত একটি সমীক্ষা চালানো হয়।
তিনি বলেন, "আরইউটিএফ (বাদাম, দুধ ও মাইক্রোনিউট্রিয়েন্টের একটি সংমিশ্রণ) সরবরাহ করার মাধ্যমে সমীক্ষাটি চালানো হলেও আমরা দেশীয় পদ্ধতিতে অপেক্ষাকৃত কম দামে একই পুষ্টিমানের খাবার তৈরির চেষ্টা করছি। আর শুধু এক বছর সমীক্ষা চালালেই হবে না। আমাদেরকে ফলাফলও মনিটর করতে হবে।"
সমীক্ষার প্রধান গবেষক টাফটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেট সেডলি জানান, এ সমীক্ষার উদ্দেশ্য ছিল শিশুর অপুষ্টি দূর করার পদ্ধতি খুঁজে বের করতে আরইউটিএফ সরবরাহের পাশাপাশি শিশুদের পরিবারগুলোকে সচেতন করা।
তিনি আরও জানান, কম্যুনিটি স্বাস্থ্য কর্মীরা সফলভাবে বোরহানউদ্দীনে চরম অপুষ্টির শিকার ৭২৪টি শিশুকে চিহ্নিত করে তাদের চিকিৎসা সেবা দেয়। এদের মধ্যে ৯২ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠেছে। এই শিশুদের রেডি-টু-ইউজ থেরাপিউটিক ফুডস- আরইউটিএফ সরবরাহের পাশাপাশি শিশুর পরিবারকেও সচেতন করে তোলা হয়।
কিন্তু লালমোহন উপজেলায় শিশুদের হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা সফল হয়নি বলে উল্লেখ করেন কেট সেডলি।
এ ব্যাপারে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা লাবণ্য প্রভা দে বলেন, চরম অপুষ্টির শিকার শিশুরা হাসপাতালে এসে চিকিৎসা নেয়নি। দরিদ্র বাবা-মায়েরা আর্থ-সামাজিক নানা কারণে হাসপাতালে এসে চিকিৎসা নিতে রাজী হয় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24