২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটমহলে হামলা: এক আসামি রিমান্ডে

পঞ্চগড়ে অবস্থিত ভারতের গারাতি ছিটমহলে হামলার ঘটনায় গ্রেপ্তার একজনকে জিজ্ঞাসাবাদ করতে একদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

পঞ্চগড়, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে অবস্থিত ভারতের গারাতি ছিটমহলে হামলার ঘটনায় গ্রেপ্তার একজনকে জিজ্ঞাসাবাদ করতে একদিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার এ মামলার আসামি সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দাবরভাঙা গ্রামের ইয়াছিন আলীকে (৫০) হেফাজতে নেওয়া হয়। গত ১৯ অক্টোবর ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইয়াছিন ছিটমহলে অগ্নিসংযোগ ও হামলার মূল হোতা ইউপি সদস্য শাহ আলমের অন্যতম সহযোগী।" তিনি জানান, ছিটমহলের অভ্যন্তরে বাংলাদেশি এলাকার বাসিন্দা আইয়ুব আলীর বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে অবস্থিত ভারতীয় গারাতি ছিটমহলে গত ১৬ অক্টোবর রমজান মেকার নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছিটমহলের আশপাশের বাংলাদেশিরা শনিবার সকালে ওই ছিটমহলে হামলা চালায়। তারা প্রায় দুইশ' বাড়ি-ঘর পুড়িয়ে দেয়। গত ১৮ অক্টোবর আইয়ুব আলী ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অন্তত আড়াই হাজার জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। এ মামলায় এই পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ছিটমহলের ভেতরে প্রায় বিশ একরের মত জমি বাংলাদেশি এলাকা। সেখানে আইয়ুব আলীসহ কয়েকজন বাংলাদেশি দীর্ঘদিন ধরে বাস করছেন। শনিবার ছিটমহলের পাশাপাশি তাদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা তাদের বাড়ি-ঘরে লুটপাট চালায় বলেও অভিযোগ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০১৬ ঘ.