২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে বিদ্যুৎ অফিসে হামলা, ভাংচুর

ব্রাহ্মণবাড়িয়ার একাংশ, সরাইল ও নাসিরনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ দুদিন ধরে বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 06:17 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

আশুগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার একাংশ, সরাইল ও নাসিরনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ দুদিন ধরে বন্ধ রয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সরাইল বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। সরাইলের বাসিন্দা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদিন ধরে তাদের এলাকায় বিদ্যুৎ নেই। সংশ্লিষ্ট বিভাগের কেউ এ ব্যাপারে কিছু বলছে না। যার কারণে উত্তেজিত জনতা সকালে বিদ্যুৎ অফিসে হামলা চালায়।" তিনি জানান, হামলার সময় বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভয়ে পালিয়ে যান। সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। এক পর্যায়ে উত্তেজিত জনতা উচালিয়া পাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে সরাইল-নাসিরনগর সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে লোকজন বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা থেকে সরে যায়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আশুগঞ্জ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী কামাল উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুগঞ্জ কলাবাগাল বিদ্যুৎ উপকেন্দ্রের ব্রেকার ফুটো হয়ে গ্যাস বের হয়ে যাওয়ার কারণে আশুগঞ্জ-ঘাটুরা বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ত্র"টি দেখা দেয়। ফলে গত দুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২১১ ঘ.