২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় দুই খুন, দুই লাশ

বগুড়া ও টাঙ্গাইলে দুজন খুন হয়েছে। নারায়ণগঞ্জ ও নীলফামারীতে উদ্ধার করা হয়েছে দুজনের লাশ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 04:52 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া ও টাঙ্গাইলে দুজন খুন হয়েছে। নারায়ণগঞ্জ ও নীলফামারীতে উদ্ধার করা হয়েছে দুজনের লাশ। রোববার বগুড়ার নন্দীগ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হয়েছে একজন। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। টাঙ্গাইলে জবাই করে হত্যা করা হয়েছে এক নারীকে। হত্যাকাণ্ডের পর এলাকাবাসী তার ছেলে বউকে আটক করে পুলিশে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বগুড়া: নন্দীগ্রাম উপজেলার বড়পুকুরিয়া গ্রামে সংঘর্ষে নিহত হয়েছেন চাঁন মিয়া (৭৫) নামে এক ব্যক্তি। দুপুর ১২ টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, বসত বাড়ির সীমানা নিয়ে চাঁন মিয়ার সঙ্গে প্রতিবেশী রহিমের বিরোধ চলছিলো। রোববার সকালে বাড়ির বেড়া দেওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের এক পর্যায়ে সংঘর্ষ হয়। প্রতিপক্ষের মারধরে ঘটনাস্থলেই মারা যান চাঁন মিয়া। পুলিশ কর্মকর্তা জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী সালেখা বিবি বাদি হয়ে রহিম, তার স্ত্রী হাসিনা বেগম ও মা জহুরা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা করেন। পুলিশ রহিমকে (৩০) গ্রেপ্তার করেছে বলে তিনি জানান। টাঙ্গাইল: মির্জাপুর উপজেলার চোহাত্তুর গ্রামে জবাই করে হত্যা করা হয়েছে আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে। এ ঘটনায় পুলিশ তার ছেলে বউ আরিফা বেগমকে (২২) আটক করেছে। এলাকাবাসীর বরাত দিয়ে মির্জাপুর থানার ওসি হাবিবুল্লাহ সরকার জানান, ঝগড়ার এক পর্যায়ে আরিফা তার শ্বাশুড়িকে দা দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরে জবাই করে হত্যা করে। এ সময় তার আরিফার স্বামী পান্নু বাড়ি ছিলেন না। ওসি জানান, আরিফার বাড়ি একই উপজেলার নরদানা গ্রামে। সাত মাস আগে তাদের বিয়ে হয়েছিলো। ঘটনার পর এলাকার লোকজন তাকে আটক করে পুলিশে দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আরিফা বলেছেন, অপরিচিত এক লোক বাড়ি ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে ওসি জানান। নারায়ণগঞ্জ: সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে আবুল কালাম আজাদ (২৫) নামে এক অটোরিকশাচালক খুন হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় থানার আদমজী ইডিজেডের দক্ষিণ পাশের ডিএনডি খালের পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, ময়না তদন্তের জন্য আজাদের লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, আজাদের চোখের নিচে আঘাতেরর চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে। এসআই জানান, আজাদ বরিশাল কোতয়ালি থানার বান্দ রোড এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এসও রোড এলাকায় জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। নীলফামারী: কিশোরগঞ্জ উপজেলার গদা এলাকায় তিস্তা সেচ প্রকল্পের একটি নালার পাশ থেকে রোববার সকালে রিক্তা আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রিক্তা গদা গ্রামের ব্যবসায়ী হোসেন উদ্দিনের স্ত্রী। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন রিক্তার বাবা আজগর আলী। তবে তার শ্বশুর আব্দুল হামিদ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, শনিবার সন্ধায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রিক্তা বাড়ি থেকে বেরিয়ে যায়। কিশোরগঞ্জ থানার ওসি খন্দকার গোলাম মর্তুজা জানান, রোববার বিকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৭ ঘ.