গাজীপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবি আদায়ে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ গাজীপুরে পৌঁছেছে।
রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পথসভা করেছে কমিটি।
এর আগে বিকাল ৩টায় গাজীপুরের টঙ্গীতে পৌঁছায় লংমার্চ। বোর্ডবাজারে পথসভা শেষে বিকাল ৫ টায় আসে চান্দনা চৌরাস্তায়।
চন্দনা চৌরাস্তার সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবির) সভাপতি মনজুরুল আহসান খান বলেন, "মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানিদের হাতে এদেশকে তুলে দিতে চেয়েছিলো তাদের বলা হয় রাজাকার। অ
"আর যারা এদেশের তেল গ্যাস কয়লা ও প্রাকৃতিক সম্পদ বিদেশীদের হাতে তুলে দিচ্ছে তারা হলো নব্য রাজাকার। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আর একটি মুক্তিযুদ্ধ করতে হবে।"
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির গাজীপুরের আহ্বায়ক লিয়াকত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব আনু মুহাম্মদ, ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস প্রমুখ।
সকাল ১১টায় ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশ শেষে লং মার্চটি ফুলবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়।
আয়োজকরা জানান, লং মার্চ সোমবার সকালে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেবে। সকাল ১০টায় গাজীপুরের কোণাবাড়িসহ বিভিন্ন স্থানে জনসভা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24