নারায়ণগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে একটি বাল্কহেড (বালুবাহী ইঞ্জিতচালিত নৌকা) ডুবে একজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরেকজন।
রোববার সকালে উপজেলায় গোবিন্দপুর এলাকার ইসলামপুর পয়েন্টে বাল্কহেডটি ডুবে যায়।
দুপুর আড়াইটার দিকে ডুবুরিরা সিরাজুল ইসলামের (৪৫) লাশ উদ্ধার করে। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসুটিয়া গ্রামে।
নিখোঁজ মোতালেবের (৩০) বাড়ি একই উপজেলার পশ্চিম ধনীনগর গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি ইউনুস আলী জানান, সকাল ৭টার দিকে খোকন-২ নামের একটি বাল্কহেড মেঘনা নদীর ইসলামপুর বালু মহাল থেকে বালু ভর্তি করে মোড় নেওয়ার সময় ডুবে যায়।
এ সময় ৬ শ্রমিকের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুই শ্রমিক পানিতে তলিয়ে যায়।
ওসি জানান, ডেমরা ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি ডুবুরি দল সিরাজুলের লাশ উদ্ধার করে। বাল্কহেড ও নিখোঁজ অপর শ্রমিকের লাশ উদ্ধারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৭ ঘ.
bdnews24