গোপালগঞ্জ, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যানথ্রাক্স এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কের কিছু নেই। আসন্ন ঈদুল আজহায় মানুষ নির্ভয়ে পশু কুরবানি করতে পারবে।
তিনি বলেন, "এর আগে দেশে আরো বেশি অ্যানথ্রাক্স অক্রান্তের ঘটনা ঘটেছিলো। এ বছর মাত্র ১০৪ জন আক্রান্ত হয়। মিডিয়া ফলাও করে প্রচার করায় মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।"
রোববার টুঙ্গিপাড়া পৌর মিলনায়তনে গোপালগঞ্জ জেলার দরিদ্র কৃষকদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ ও বর্নি বাওরে মৎস্য পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
নভেম্বরের মাঝামাঝি ঈদুল আজহা উদযাপিত হবে।
মন্ত্রী বলেন, মৎস্য সম্পদের উন্নয়নে সারদেশে ৪ কোটি টাকার মৎস্য পোনা ছাড়া হবে। মানুষ যাতে সহজে প্রোটিন পায় সে জন্য মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া হচ্ছে।
আইডি কার্ড করে জেলেদের ১৬১ কোটি টাকার ভর্তুকি সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্রধামন্ত্রীর নির্বাচনী এলাকার প্রতিনিধি মোহম্মদ আলী খান আবু মিয়া, আওয়ামী লীগ নেতা মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ।
এর আগে মন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24