২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর পাঙ্গাশ পোনা রক্ষায় আইন করার দাবি

জাটকার পাশাপাশি নদীর পাঙ্গাশ মাছের পোনা রক্ষার জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছে চাঁদপুরের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

চাঁদপুর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাটকার পাশাপাশি নদীর পাঙ্গাশ মাছের পোনা রক্ষার জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছে চাঁদপুরের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন। রোববার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তারা এই দাবি জানায়। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীতে পাঙ্গাশের পোনা নিধন বন্ধ করার আহ্বান জানিয়ে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে। গোলটেবিল বৈঠকে জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত বলেন, নদীতে যে পাঙ্গাশ পাওয়া যেতো এখন আর তা দেখা যায় না। প্রাকৃতিক এই পাঙ্গাশের সংরক্ষণ না করায় তা বিলুপ্তির পথে রয়েছে। তিনি বলেন, দেশে নদীতে যে পরিমাণ পাঙ্গাশ পাওয়া যায় তার ৯০ শতাংশই চাঁদপুরের মেঘনা নদীর। পাঙ্গাশের পোনা সংরক্ষণের জন্য আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন মৎস্য কর্মকর্তা। চাঁদপুর কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী নেতা শাহ আলম মল্লিক বলেন, নদীতে চাই পেতে অবাধে পাঙ্গাশের পোনা নিধন চলছে। সে কারণে এখন পাঙ্গাশ মাছ খুব কম পাওয়া যাচ্ছে। তিনি বলেন, জাটকার পাশাপাশি পাঙ্গাশ পোনা রক্ষার উদ্যোগ কার্যকর করার জন্য প্রকৃত জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিএনআরএস-এর এনআরজি প্রকল্পের গভর্নেস অফিসার মো. হাফিজুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন-জেলা সহকারী মৎস্য কর্মকর্তা অমিয় রঞ্জন, সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খান, উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড) চাঁদপুর স্টেশন কমান্ডারের প্রতিনিধি শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর শাহীন খান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪২ ঘ.