২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে সংঘর্ষের পর দুজন নিখোঁজ দাবি

নারায়ণগঞ্জের রুপগঞ্জে জনতা ও আইন-শৃঙ্খলাবাহিনীর শনিবারের সংঘর্ষের পর সেখানে এক গ্রামের দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 12:39 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রুপগঞ্জে জনতা ও আইন-শৃঙ্খলাবাহিনীর শনিবারের সংঘর্ষের পর সেখানে এক গ্রামের দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট পরিবার। ইছাপুরা থেকে প্রায় আধ কিলোমিটার দূরের বাড়িয়াছনি গ্রামের দুটি পরিবার দাবি করেছে তাদের পরিবারের দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে র‌্যাব। তাদের এ দাবি সমর্থন করেছেন শনিবারের সংঘর্ষের কয়েকজন প্রত্যক্ষদর্শী। তবে এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা অন্য কোনো স্থানীয় জনপ্রতিনিধিকে এলাকায় পাওয়া যায়নি। পুলিশ ও র‌্যাব বলছে, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্তের ব্যবস্থা নেওয়া হবে। রূপগঞ্জে সেনা আবাসন প্রকল্পের জন্য জমি কেনাকে কেন্দ্র স্থানীয়দের সঙ্গে পুলিশ-র‌্যাবের সংঘর্ষ হয় শনিবার। এতে ১০ জন গুলিবিদ্ধসহ আহত হন প্রায় অর্ধশত। গুলিবিদ্ধদের একজন রোববার ঢাকায় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার সরেজমিন বাড়িয়াছনি গ্রামে গিয়ে দেখা যায় শতাধিক মহিলা, শিশু ও পুরুষের শরীরের আঘাতের চিহ্ন। আতঙ্কে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না। গ্রামের বাসিন্দা লেহাজ উদ্দিন অভিযোগ করেন, শনিবার ইছাপুরা সেতুর সামনে র‌্যাবের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় তার ছেলে সায়দুর ইসলাম (১৮) র‌্যাবের গুলিতে আহত হয়। পরে র‌্যাবের গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন লেহাজ। একই গ্রামের বাসিন্দা শহর আলী অভিযোগ করেন, তার গুলিবিদ্ধ ছেলে মাসুদুর রহমানকে (৩২) র‌্যাব গাড়িতে করে নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে রোববার জানান, শনিবার বেলা ১১টার দিকে র‌্যাব-১ এর একদল সদস্যের সঙ্গে স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। তিনি বলেন, "এসময় এলাকাবাসীকে থামাতে র‌্যাব বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সায়দুর ও মাসুদুর গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়।" র‌্যাব-১ এর একটি পিকআপে করে তাদের ঢাকার দিকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন সোহেল। এ সময় ওই দুজনকে এলাকার প্রায় শতাধিক নারী উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধারের চেষ্টায় অংশ নেওয়া স্থানীয় অধিবাসী মনোয়ারা বেগম, বিলকিস, মিলু (মাথায় আঘাতপ্রাপ্ত), চন্দ্রবানুসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, র‌্যাব-১ এর সদস্যরা তাদের নির্বিচারে পিটিয়েছে। শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন দেখিয়ে তারা বলেন, এক পর্যায়ে র‌্যাব গুলি শুরু করলে তারা পালিয়ে আসেন। ঘটনার প্রত্যক্ষদর্শী ১০ বছর বয়সী শিশু শান্ত জানায়, ঘটনাস্থল থেকে রক্ত ধুয়ে দিতে সেসহ আরো কয়েকজনকে দিয়ে বালতিতে করে পানি আনানো হয়েছে। প্রায় ১৫-২০ বালতি পানি দিয়ে ঘটনাস্থল থেকে রক্তের চিহ্ন মোছা হয় বলে জানায় শান্ত। বাড়িয়াছনি গ্রামসহ আশেপাশের টেকনোদা, গোয়ালপাড়া, বাইরারা টেক, মাইজপাড়া, কুমারপাড়ায় একই পরিস্থিতি দেখা যায়। এসব গ্রামের অধিবাসীরাও আহত হয়েছেন বলে অভিযোগ করেন বাড়িয়াছনিবাসীরা। নারায়ণগঞ্জের এডিশনাল এসপি সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে জানান, দুজন নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। যে দুই পরিবারের সদস্য নিখোঁজ বলে দাবি করা হচ্ছে সেগুলোর সদস্যরা জানান, গ্রেপ্তার আতঙ্কে তারা বাড়িতে থাকতে পারছেন না। তারা জানান, কোনো পুরুষ এলাকায় নেই। সবাই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ অবস্থায় তারা থানায় গিয়ে অভিযোগ দেওয়ার সাহস পাচ্ছেন না। এ ব্যাপারে র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ থাকলে র‌্যাবের গাড়িতে করে গুলিবিদ্ধ কাউকে নিয়ে যাওয়া বা গ্রামবাসীকে আহত করার ব্যাপারে তদন্ত করে দেখা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৮৩২ঘ.