২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলদস্যুদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত

ভোলা সদর উপজেলায় পুলিশ ও জলদস্যুদের মধ্যে সংঘর্ষে পুলিশের ৩ কর্মকর্তা আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 11:41 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ভোলা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদর উপজেলায় পুলিশ ও জলদস্যুদের মধ্যে সংঘর্ষে পুলিশের ৩ কর্মকর্তা আহত হয়েছে। মেঘনা নদীর মাঝের চর এলাকায় রোববার সকালে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহতরা হলেন-ভোলা সদর থানার পুলিশের পুলিশ পরিদর্শক এনায়েত হোসেন, উপপরিদর্শক (এসআই) আশরাফ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজল। এদের মধ্যে কাজলকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভোলা থানার ওসি মো. মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে পুলিশের একটি দল জলদস্যু জামাল ওরফে ছকেট জামালকে গ্রেপ্তার করতে মেঘনার মাঝের চর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাহিনীর ৩০/৪০ জন জলদস্যু পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারা লাঠি সোঠা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে জলদস্যুরা পালিয়ে যায়। ভোলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট (এসপি) বশির আহমেদ জানান, জলদস্যু জামালের বিরুদ্ধে সাতটি ডাকাতির মামলা রয়েছে। হামলাকারী ওই বাহিনীর সদস্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে এসপি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪১ ঘ.