ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর কর দেওয়ার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।
বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম ইমদাদুল হকের বেঞ্চ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ-সাউথ ইউনিভার্সিটির দায়ের করা এক রিট আবেদনে রোববার এ আদেশ দেয়।
জবাব দিতে সরকারকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
পাশাপাশি নর্থ-সাউথ ইউনিভার্সিটিকে এই কর দিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া আদেশ দুই মাসের জন্য স্থগিত করেছে আদালত।
গত ৫ জুলাই অর্থ মন্ত্রণালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজের আয়ের ওপর শতকরা ১৫ ভাগ কর দেওয়ার প্রজ্ঞাপন জারি করে।
এরপর ২ সেপ্টেম্বর এনবিআর নর্থ-সাউথ ইউনিভার্সিটিকে তার আয়ের ওপর শতকার ১৫ ভাগ কর দেওয়ার আদেশ দেয়।
রোববার রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাখাওয়াত হোসেন।
আদেশের পর সাংবাদিকদের তিনি বলেন, "এই আদেশের ফলে নর্থ-সাউথ ইউনিভার্সিটিকে এখনই ওই কর দিতে হচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/আরএ/জিএনএ/১৬০৪ ঘ.
bdnews24