২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের ফ্লাইটসূচি এলোমেলো

চালক সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসূচিতে এলোমেলো অবস্থা চলছেই। বিকালে বাতিল হয়েছে অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট। দেরিতে ছেড়েছে আন্তর্জাতিক রুটের আর একটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 09:14 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালক সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটসূচিতে এলোমেলো অবস্থা চলছেই। বিকালে বাতিল হয়েছে অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট। দেরিতে ছেড়েছে আন্তর্জাতিক রুটের আর একটি। ঢাকা-বাহরাইন-কুয়েত রুটের রাত সাড়ে ৮টার ফ্লাইটের সময় বদলে সাড়ে ১০টা নির্ধারণ করা হয়েছে। ওই ফ্লাইটটিতে নির্ধারিত উড়োজাহাজ এয়ারবাস ৩১০-এর পরিবর্তে ডিসি ১০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। সর্বশেষ এ ফ্লাইট পেছানোর খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ে দায়িত্বরত ব্যক্তি। এদিকে সংবাদ সম্মেলন করায় চারজন বৈমানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। চালক সংকটের কারণে রোববার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের নির্ধারিত ফ্লাইটটি বাতিল করেছে বিমান কর্তৃপক্ষ। একই দিন নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর ঢাকা থেকে ছেড়ে যায় কাঠমুন্ডুগামী বিমানের একটি ফ্লাইট। বিজি-৭০৩ ফ্লাইটটি ৯৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা ছিল দুপুর ২টা ৪৫ মিনিটে। কিন্তু সময় পিছিয়ে এই ফ্লাইটটি বিকাল সোয়া ৪টায় ছেড়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান অফিসের দায়িত্বরত কর্মকর্তা। নাম না জানানোর শর্তে তিনি বলেন, "চালক না পাওয়ার কারণে ফ্লাইটটি দেড় ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।" বাংলাদেশ এয়ারলাইন পাইলট এসোসিয়েশনের (বাপা) নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা চুক্তির বাইরে কাজ করছি না। তাই এই ফ্লাইটটি দায়িত্ব তালিকার বাইরে থাকায় সংশ্লিষ্ট পাইলট এটি চালাতে রাজি হননি।" বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্যালয়ে দায়িত্বরত ব্যক্তি ঢাকা-চট্টগ্রাম রুটের বিকালের ফ্লাইটটি বাতিলের খবর জানান। চালক সংকটের কারণে শুক্রবার রাত সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম-দুবাইয়ের নির্ধারিত ফ্লাইটটি বাতিল করা হয়। পরে শনিবার সকাল ১১টায় সেটি ঢাকা ছেড়ে যায়। একই কারণে শুক্রবার রাত ১০টার কুয়ালালামপুরের ফ্লাইটটিও বাতিল করে শনিবার সন্ধ্যা ৭টায় করা হয়। পরে সেটিও বাতিল করা হয়। এ ফ্লাইটে কুয়ালামপুর যাওয়ার জন্য ঢাকায় প্রায় ৬০ জন যাত্রী এবং কুয়ালালামপুর থেকে ঢাকায় ফেরার জন্য প্রায় ৬৫ জন যাত্রী অপেক্ষা করছেন। রোববার রাত ১০ টায় কুয়ালালামপুরগামী আরেকটি ফ্লাইটে ঢাকার যাত্রীদের পাঠানোর কথা রয়েছে। যাত্রীদের হোটেলে রাখা হয়েছে বলে শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। পাঁচ দফা দাবি আদায়ে বুধবার বিমান কর্তৃপক্ষকে আল্টিমেটাম দেয় বাপা। দাবি না মানায় বিমান কর্তৃপক্ষের সঙ্গে করা চুক্তির বাইরে শুক্রবার থেকে কাজ করছেন না বাপা সদস্যরা। অর্থাৎ মাসে ৭০ ঘণ্টার বেশি এবং দু'টি ফ্লাইট চালানোর মধ্যবর্তী বিশ্রামের সময় ফ্লাইট চালাচ্ছেন না পাইলটরা। বাপার পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- বৈমানিকদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬২ বছর করে বিমানের জারি করা আদেশ বাতিল, ওয়েট লিজ (ক্রু, ইন্সুরেন্সসহ বিমান ভাড়া করা) বাতিল করে ড্রাই লিজ (শুধু বিমান ভাড়া করা) বাস্তবায়ন, বিমানের সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত পাওনা সমন্বয়ের নামে প্রণোদনা (ইনক্রিমেন্ট) বন্ধের পরিকল্পনা বাতিল। এছাড়া বিমানের চাকরিচ্যুত দুই কর্মকর্তাকে পুনর্বহাল করে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচারের ব্যবস্থা করা এবং বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং মানসম্পন্ন করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও জনবল বাড়ানো। এরমধ্যে বয়স বাড়ানোর বিষয়টি আদালতে বিচারাধীন। কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সত্যতা স্বীকার করে রোববার বিমানের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বয়স বাড়ানোর বিষয়টি আদালতে বিচারাধীন। তাই এ বিষয়ে কেন সংবাদ মাধ্যমের কাছে মতামত দেওয়া হলো তা জানাতে বলা হয়েছে।" কারণ দর্শানোর নোটিশ পাওয়াদের মধ্যে বাপার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হুসেইন এবং সাধারন সম্পাদক এমএ বাসিত মাহতাব রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/কেএমএস/পিডি/১৯৪৮ ঘ.